আসানসোলের সীমানা পেরিয়ে কাটোয়ার রাজনীতিতে নতুন সমীকরণ, গুরুদায়িত্ব পেলেন কৃষ্ণেন্দু


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 

      ​রাজনৈতিক পালাবদলের পাঁজরে শান দিয়ে রাজ্য বিজেপির অন্দরে এল বড়সড় সাংগঠনিক রদবদল। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের ঘোষিত নতুন দায়িত্বের তালিকায় এবার ফোকাসে আসানসোল উত্তরের দাপুটে বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।  তৃণমূলের হেভিওয়েট প্রার্থী মলয় ঘটককে পরাজিত করে খাস তালুকে চমক সৃষ্টি করা এই নেতাকে এবার সঁপে দেওয়া হলো কাটোয়া সাংগঠনিক জেলার ইনচার্জের গুরুভার।

      উত্তর ২৪ পরগণার পুরোনো দায়িত্ব ঝেড়ে ফেলে কৃষ্ণেন্দু বাবু এখন পা রাখতে চলেছেন কাটোয়ার রাজনৈতিক মাটিতে। দলের অন্দরে গুঞ্জন, একুশের বিধানসভা যুদ্ধের ময়দানে জয় ছিনিয়ে আনা এই নেতার অভিজ্ঞতা এবং সাংগঠনিক ক্ষিপ্রতাই এবার কাটোয়ায় পদ্মফুল ফোটানোর প্রধান অস্ত্র হতে চলেছে। অন্যদিকে, আসানসোল সাংগঠনিক জেলার ব্যাটন তুলে দেওয়া হয়েছে বিধায়ক তথা রাজ্য সম্পাদক সিন্টু সেনাপতির হাতে।

       ​নতুন দায়িত্ব কাঁধে নিয়ে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় আত্মবিশ্বাসী সুরে জানিয়েছেন, দলীয় নির্দেশ ও কর্মীর আস্থার মর্যাদা রাখতে তিনি প্রস্তুত। কাটোয়ার কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনকে শক্তপোক্ত করাটাই তাঁর প্রথম ও প্রধান লক্ষ্য।

      ​ভোটের ময়দান পেরিয়ে এখন কাটোয়ার সাংগঠনিক অন্দরে তিনি কতটা ম্যাজিক দেখাতে পারেন, সেদিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি।
​

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়