বেহাল উখড়ার রাস্তা, প্রাক্তন বিধায়ককে ঘিরে বিজেপির প্রশ্নে চড়ল রাজনৈতিক উত্তাপ
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
এক বছর আগে যে রাস্তা ছিল নতুন, আজ সেই পথেই গর্তের পর গর্ত। কোথাও পিচ উধাও, কোথাও রাস্তার বুক চৌচির- উন্নয়নের চকচকে প্রতিশ্রুতির নীচে যেন বেরিয়ে পড়েছে অবহেলার কঙ্কাল। কোটি কোটি টাকা খরচের পরও মানুষের চলার পথ যদি এমন হয়, তবে প্রশ্ন উঠবেই- রাস্তা তৈরি হয়েছিল, না কি শুধু হিসাবের খাতাতেই উন্নয়ন সম্পূর্ণ হয়েছিল?
উখড়ার রাস্তায় প্রাক্তন পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর গাড়ি থামিয়ে সেই প্রশ্নই ছুড়ে দেন বিজেপির উখড়া মণ্ডল ৩-এর কনভেনর রাহুল বন্দ্যোপাধ্যায়। তাঁর সরাসরি প্রশ্ন, “আপনার আমলে তৈরি রাস্তা এক বছরের মধ্যেই এমন বেহাল কেন?”
মুহূর্তের সেই মুখোমুখি কথোপকথনের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই খনি অঞ্চলের রাজনীতিতে ফের উত্তাপ। যদিও ভিডিয়োটির সময়কাল, সত্যতা বা সম্পাদনা স্বাধীন ভাবে যাচাই করা সম্ভব হয়নি।
Comments
Post a Comment