বৃষ্টির আঘাতে ভাঙল পথ, প্রশাসনের তৎপরতায় ফিরছে যাত্রার স্বস্তি


 চিত্তরঞ্জন প্রসাদ, নিউজ হিন্দুস্থান -:

     টানা বর্ষণের অভিঘাতে যখন মাটি হারাচ্ছে তার শক্তি, তখনই বারাবনির ভস্কাজুড়ি মোড় থেকে নুনি যাওয়ার প্রধান সড়কে নেমে এল বিপর্যয়। গত বুধবার ভোরে মদনমোহনপুর গ্রামের কাছে আচমকাই প্রায় ৮০ থেকে ৯০ ফুট রাস্তা ধসে নিচে নেমে যায়। মুহূর্তে থমকে যায় যান চলাচল, বিচ্ছিন্ন হয়ে পড়ে মানুষের স্বাভাবিক যাতায়াত।

      তবে বিপর্যয়ের খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে প্রশাসন। জেলা প্রশাসন ও WB-SRDA-এর তৎপরতায় বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় যুদ্ধকালীন মেরামতির কাজ। আপাতত মাটি ও বোল্ডার ফেলে ধসের বিশাল ক্ষতস্থান ভরাট করে সমতল করার কাজ চলছে। লক্ষ্য, দ্রুত মানুষের যাতায়াত স্বাভাবিক করা। দপ্তর সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজোর পর স্থায়ীভাবে পিচের কাজ সম্পূর্ণ করা হবে।

      ঘটনাস্থলে পৌঁছে বিজেপি নেতা সুজিত মণ্ডলও প্রশাসনের তৎপরতার প্রশংসা করেন। তাঁর দাবি, খবর পাওয়ার পরই বিধায়ক ও বিডিওকে জানানো হয় এবং দ্রুত আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন।

    উল্লেখযোগ্য, ভস্কাজুড়ি মোড় থেকে পঞ্চগাছিয়া SBI পর্যন্ত রাস্তাটি প্রায় এক বছর আগেই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তৈরি হয়েছিল। নতুন রাস্তার বুকে বৃষ্টির এই ক্ষত তাই শুধু ধস নয়, নির্মাণের স্থায়িত্ব নিয়েও রেখে গেল নীরব প্রশ্ন।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়