চিঠির কালিতে রাজনীতির আঁচ- ভাইরাল চিঠি ঘিরে রাজনৈতিক বিতর্ক
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
আসানসোলের রাজনৈতিক আকাশে ফের ঘন হচ্ছে বিতর্কের মেঘ। একটি চিঠি, কাগজে কয়েকটি শব্দ, নীচে সিল- আর সেই কাগজই যেন এখন রাজনীতির উত্তপ্ত মঞ্চে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। বিজেপির কথিত লেটারহেডে প্রকাশিত একটি ‘ভাইরাল’ চিঠিকে ঘিরে মুখোমুখি বিজেপি ও কংগ্রেস।
দাবি করা হচ্ছে, আসানসোল সাংগঠনিক জেলা বিজেপির দক্ষিণ মণ্ডল-১ সভাপতি সোমনাথ মণ্ডলের নামে ৫ সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি জারি হয়। সেখানে থানা ও হাসপাতাল সংক্রান্ত সাংগঠনিক প্রতিনিধিদের আগের দায়িত্ব প্রত্যাহারের কথা বলা হয়েছে। এর আগে আসানসোল দক্ষিণ পিপি ও হিরাপুর থানার জন্য একাধিক বিজেপি কর্মীর নাম প্রতিনিধি হিসেবে সামনে এসেছিল।
চিঠির ভাষা যতটা সরল, তার রাজনৈতিক অভিঘাত ততটাই তীব্র। কংগ্রেস নেতা প্রসেনজিত পতিতুন্ডু প্রশ্ন তুলেছেন- সামান্য একজন মণ্ডল সভাপতিকে থানার কাজে হস্তক্ষেপ কিংবা পুলিশকে নির্দেশ দেওয়ার অধিকার কে দিয়েছে?
তাঁর অভিযোগ, প্রশাসনের উপর রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। হাসপাতালে রোগীর সমস্যা, রক্তের ব্যবস্থা কিংবা চিকিৎসার ঘাটতি নিয়ে কথা বলার অধিকার সাধারণ মানুষের; কোনও দলীয় পরিচয়ের বিশেষ অনুমতির প্রয়োজন নেই বলেই দাবি তাঁর।
অন্যদিকে, আসানসোল উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জ্জী গোটা চিঠিটিকেই ‘সম্পূর্ণ ভুয়ো’ বলে উড়িয়ে দিয়েছেন।
তাঁর দাবি, সোমনাথ মণ্ডলের নাম ও পদ ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই চিঠি তৈরি করা হয়েছে। বিজেপি এমন কাজ করে না, বলেও দাবি তাঁর।
Comments
Post a Comment