বিদেশের পথে আনন্দ, ঘরে ফিরতেই শূন্যতার হাহাকার
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
শিক্ষক সপরিবারে বিদেশের মাটিতে তখন ভ্রমণের আনন্দ। হাজার মাইল দূরে দুর্গাপুরের বাড়িতে নেমে এসেছিল অন্ধকার। সপরিবারে বিদেশভ্রমণ শেষে ঘরে ফেরার ঠিক আগেই সর্বস্বান্ত হলেন এক শিক্ষক। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে সোমবার রাতে দরজা ভেঙে ঢুকে আলমারি তছনছ করে প্রায় ৬ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।
ঘটনাটি দুর্গাপুরের কাঁকসা থানার সারদাপল্লির। ওই এলাকার বাসিন্দা শিক্ষক উপেন্দ্র কুমার সিনহা গত ৯ সেপ্টেম্বর স্ত্রী ও ছেলেকে নিয়ে বিদেশভ্রমণে বেরিয়েছিলেন। বাড়িতে রাতে থাকার জন্য একজনকে দায়িত্ব দিয়েছিলেন তিনি। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে বাড়ি ফেরার কথা ছিল তাঁদের।
কিন্তু তার আগেই এল দুঃসংবাদ। মঙ্গলবার সকালে বেঙ্গালুরুতে থাকা অবস্থায় ওই ব্যক্তির ফোন পান শিক্ষক। ভিডিও কলে তাঁকে বাড়ির ভাঙাচোরা পরিস্থিতি দেখানো হয়। জানা যায়, সোমবার রাতে ওই ব্যক্তি বাড়িতে ঘুমোতে আসেননি। মঙ্গলবার সকালে বাড়ি দেখতে এসে তিনিই চুরির বিষয়টি জানতে পারেন।
বাড়ি ফিরে শিক্ষক দেখেন, আলমারি ভাঙা, ঘরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। স্ত্রীর ও ছেলের মিলিয়ে প্রায় ৬ লক্ষ টাকার সোনার গয়না নেই।
শিক্ষকের কথায়, বিদেশ থেকে ফিরে এমন দৃশ্য দেখতে হবে ভাবেননি। আনন্দের সফর শেষ করে ঘরে ফেরার মুহূর্তেই যেন অপেক্ষা করছিল বিষাদের দরজা। ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে এই একটি বাড়ির কান্না যেন আরও বড় প্রশ্ন তুলে দিয়েছে। দুর্গাপুরে গত কয়েক মাসে পরপর বাড়িতে চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। মানুষ তালা দিয়ে নিশ্চিন্তে বাইরে যাবেন, নাকি ফিরে এসে নিজের ঘরের শূন্যতা গুনবেন- এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে শহর।
Comments
Post a Comment