লাল ঝান্ডার ছায়ায় সাঁকতোড়িয়া, ‘উচ্ছেদ নয়—অধিকার চাই’ সুরে উত্তাল ইসিএল


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     মঙ্গলবার সাঁকতোড়িয়ার ইসিএল সদর দফতর যেন হয়ে উঠল শ্রমিকের ক্ষোভ ও অধিকারের মঞ্চ। কোলিয়ারি বেসরকারিকরণ বন্ধ, ১২তম বেতন চুক্তি কার্যকর, পুনর্বাসন ছাড়া ইসিএলের কোয়ার্টার থেকে উচ্ছেদ এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে সিটুর উদ্যোগে আয়োজিত সভায় বিভিন্ন এরিয়ার কর্মচারীদের ভিড়ে মুখর হয়ে ওঠে এলাকা। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি জি. কে. শ্রীবাস্তব। 

     প্রধান বক্তা ভারতের কোলিয়ারি মজদুর সভার সহ-সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায় কেন্দ্র ও রাজ্য সরকারের শ্রমিক বিরোধী নীতির তীব্র সমালোচনা করেন। তাঁর কথায়, ইসিএল সরকারি সম্পত্তি, সেই সম্পত্তি দেশের সাধারণ মানুষের। কোনওভাবেই তা কর্পোরেটের হাতে তুলে দেওয়া যাবে না।

      সিটুর সাধারণ সম্পাদক মনোজ দত্ত কোয়ার্টারে বসবাসকারী মানুষের পাশে দাঁড়িয়ে হুঁশিয়ারি দেন, ‘‘একজনও গরিব মানুষকে লাল ঝান্ডার বাড়ি থেকে উচ্ছেদ হতে দেওয়া হবে না।’’ বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে তিনি নভেম্বর মাসে রানিগঞ্জ থেকে কলকাতা পর্যন্ত পদযাত্রার ঘোষণা করেন।

     আভাষ রায় চৌধুরী সহ অন্যান্য নেতারাও শ্রমিকস্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। সভা শেষে ইসিএল ম্যানেজমেন্টের হাতে বিভিন্ন দাবিসংবলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়