রিলস বন্দি জীবনের মৃত্যুর ডাক! মন্দিরা ড্যামের গভীরে তলিয়ে গেল তরুণ ইঞ্জিনিয়ার
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
রবিবারের স্নিগ্ধ বিকেলটা এক ফালি আনন্দের মোড়কে সেজে এসেছিল বারাবনি ব্লকের পানুড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার মন্দিরা ড্যামে। কে জানত, প্রকৃতির সেই মনোরম রূপের আড়ালে লুকিয়ে রয়েছে এক নির্মম কালফাঁদ! কলকাতার এসএনইউ ইঞ্জিনিয়ারিং কলেজের উদীয়মান ছাত্র সুপ্রিয় চক্রবর্তী (২২) বন্ধুদের সাথে আনন্দ ভ্রমণ করতে এসে মুহূর্তেই হারিয়ে গেল জলের অতল অন্ধকারে।
দুর্গাপুরের মুচিপাড়ার এই তরুণের আকস্মিক নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র দু'দিন আগেই এই তরুণের দল সোশ্যাল মিডিয়ার রিল বানানোর লোভে এখানে ছুটে এসেছিল। রবিবার ফের বন্ধুদের নিয়ে ড্যামের জলে নামার পরই ঘটে বিপত্তি। জলের অতিরিক্ত গভীরতা আর ঘূর্ণির টানে সুপ্রিয় যখন তলিয়ে যেতে শুরু করে, তখন বন্ধুদের বাঁচার সেই আকুল আর্তনাদ মিলিয়ে যায় প্রকৃতির নিঃস্তব্ধতায়। চোখের পলকে এক তাজা প্রাণ গ্রাস করে নেয় মন্দিরা ড্যামের জমা জল।
খবর পেয়ে পুলিশ ও বিডিও ঘটনাস্থলে ছুটে এলেও রাতের অন্ধকারের কারণে উদ্ধারকাজ সাময়িকভাবে স্থগিত রাখতে হয়।
প্রকৃতির লোভনীয় সৌন্দর্য আর একটু উত্তেজনার নেশা আজ একটি সম্ভাবনাময় যুবকের জীবন কেড়ে নিল। পরিবারের বুকফাটা কান্না আর বন্ধুদের স্তব্ধতা আজ এক নির্মম সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে- জীবনের চেয়ে বড় কোনো রিল বা ভার্চুয়াল খ্যাতি হতে পারে না।
Comments
Post a Comment