লটারির আড়ালে টাকার খেলা, চুরুলিয়ার ঘাটে পুলিশের জালে সমীর
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
ঝাড়খণ্ডের লটারির আড়ালে কি চলছিল অন্য কোনও খেলা? অন্ধকার নামার আগেই পুলিশের তৎপরতায় থেমে গেল সেই পথ। পাচারের আগেই প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের ঝাড়খণ্ড লটারি সহ এক ব্যক্তিকে হাতেনাতে পাকড়াও করল জামুড়িয়া থানার চুরুলিয়া ফাঁড়ির পুলিশ। শুক্রবার ধৃতকে আসানসোল মহকুমা আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শেখ সমীর। বাড়ি বীরভূম জেলার বড়রা গ্রামে। তাঁর বাবার নাম শেখ ওসমান। অভিযোগ, পশ্চিম বর্ধমানের বারাবনি এলাকা থেকে ঝাড়খণ্ডের লটারি নিয়ে নিজের গ্রামের দিকে ফিরছিলেন তিনি। কিন্তু সেই যাত্রার পথেই ওত পেতে ছিল পুলিশের নজর।
গোপন সূত্রে খবর পেয়ে চুরুলিয়া ফাঁড়ির পুলিশ জামুড়িয়ার বড়কোলা ঘাট এলাকায় অভিযান চালায়। সেখানেই সমীরকে আটক করে তল্লাশি চালানো হয়। তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ লটারি উদ্ধার হয়। লটারির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাঁকে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
উদ্ধার হওয়া লটারির বর্তমান আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। কোথা থেকে এই লটারি এল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পিছনে আরও কেউ জড়িত কি না- তা খতিয়ে দেখছে পুলিশ। আদালতে ধৃতের পুলিশ হেফাজত চাওয়ায় তদন্তের জাল আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত মিলেছে।
Comments
Post a Comment