দুই দশকের ধুলো সরিয়ে ভোটের আলোয় রূপনারায়ণপুর বাজার ব্যবসায়ী সমিতি

 
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     দুই দশকের অপেক্ষার শেষে ফের ভোটের আলোয় রূপনারায়ণপুর বাজার। দীর্ঘ ২০ বছর পর নতুন করে ব্যবসায়ী সমিতির নির্বাচনে সরব হল বাজার চত্বর। আসন্ন নির্বাচনে মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই এগোচ্ছে ভোটপর্ব। সভাপতি পদে বিশ্বনাথ রুজ ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সম্পাদক পদে লড়াই করছেন স্বপন কুমার দাঁ ও সোমনাথ তেওয়ারি।

      ২০০৬ সালের পর আর নির্বাচন হয়নি এই সমিতিতে। তিন বছর অন্তর কার্যনির্বাহী কমিটি গঠনের নিয়ম থাকলেও দীর্ঘদিন সেই প্রক্রিয়া থমকে ছিল। অভিযোগ, সময়ের সঙ্গে পুরনো কমিটি হয়ে উঠেছিল কার্যত নিষ্ক্রিয় এক সাংগঠনিক খোলস। বাজারের নিকাশি, আবর্জনা, শৌচালয়, অগ্নিনির্বাপণ ব্যবস্থা কিংবা ব্যবসায়ীদের স্বার্থরক্ষার মতো মৌলিক সমস্যাগুলিও থেকে গিয়েছে একই জায়গায়।

     নবনির্বাচিত সভাপতি বিশ্বনাথ রুজের আশ্বাস, এবার বদল আসবে। ঐক্যবদ্ধ, শক্তিশালী ও ব্যবসায়ীবান্ধব সংগঠন গড়ে তোলাই তাঁর লক্ষ্য। 

        সম্পাদক পদপ্রার্থী স্বপন কুমার দাঁ বললেন, দীর্ঘ অচলাবস্থার পর এবার বাজার আলোর মুখ দেখবে।

     দুই দশকের জমে থাকা অভিমান পেরিয়ে তাই ব্যবসায়ীদের চোখ এখন নতুন সকালের দিকে। ভোটের বাক্সে শুধু প্রতিনিধি নির্বাচিত হবে না- নির্বাচিত হবে রূপনারায়ণপুর বাজারের আগামী দিনের স্বপ্নও।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়