বাড়ির সামনেই মৃত্যুর ফাঁদ! তিন দিন পর কুয়ো থেকে উদ্ধার ষষ্ঠীর দেহ
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
তিন দিন ধরে খোঁজ ছিল মানুষের ভিড়ে, অথচ উত্তর লুকিয়ে ছিল বাড়ির সামনেই- এক নিঃশব্দ কুয়োর অন্ধকার জলে। রবিবার সকালে সেই কুয়ো থেকেই উদ্ধার হল নিখোঁজ যুবক ষষ্ঠী বাউরীর (৩৫) মৃতদেহ। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার উখড়া খাদপাড়া এলাকায়।
দিনমজুর ষষ্ঠীর জীবন ছিল পরিশ্রমের সঙ্গে বাঁধা। কাজের সূত্রে প্রায়ই বাড়ির বাইরে যেতে হতো তাঁকে। তাই বাড়ি ফিরতে দেরি হওয়ায় প্রথমে বিশেষ সন্দেহ করেনি পরিবার। কিন্তু সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে উৎকণ্ঠা। আত্মীয়স্বজন, পরিচিতদের কাছে খোঁজ করেও মেলেনি কোনও সন্ধান।
অবশেষে রবিবার সকালে বাড়ির সামনের কুয়ো থেকে জল তুলতে গিয়ে স্থানীয়দের চোখে পড়ে জলে ভাসতে থাকা দেহ। খবর যায় পুলিশে। উখড়া ফাঁড়ির পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।
তবে মৃত্যুর কারণ এখনও অন্ধকারেই। অসাবধানতায় কুয়োয় পড়ে মৃত্যু, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য- উত্তর খুঁজছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টেই খুলতে পারে সেই অন্ধকারের দরজা।
Comments
Post a Comment