স্বপ্নের খাতায় এবার ওএমআরের ছাপ, প্রশ্নপত্র পাহারায় কড়া প্রহরা


সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -: 

       কেউ শেষ মুহূর্তের সূত্র মিলিয়ে নিচ্ছে, কেউ বইয়ের পাতায় খুঁজছে ভুলে যাওয়া উত্তর। কারও চোখে ভবিষ্যতের স্বপ্ন, কারও বুকের ভিতর পরীক্ষার অচেনা শঙ্কা। সেই উৎকণ্ঠা আর প্রত্যাশার আবহেই সোমবার, ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা। এবার পরীক্ষার পদ্ধতিতেও নতুনত্ব- উত্তর দিতে হবে ওএমআর শিটে।

     শনিবার সাংবাদিক বৈঠকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মসিউর রহমান সর্দার জানান, প্রশ্নফাঁস রুখতে নেওয়া হয়েছে একাধিক কড়া ব্যবস্থা। প্রতিটি প্রশ্নপত্রে থাকবে পৃথক সিরিয়াল নম্বর। পরীক্ষার্থীদের সামনেই খোলা হবে প্রশ্নপত্রের সিল। সেই প্রক্রিয়ার প্রমাণ হিসেবে নেওয়া হবে দু’জন পরীক্ষার্থীর স্বাক্ষরও।

     ১৪ অক্টোবর পর্যন্ত চলবে পরীক্ষা। প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা হলেও সকাল ১০টার মধ্যেই কেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের। প্রতিটি কেন্দ্রে থাকবে মেটাল ডিটেক্টর ও সিসিটিভি নজরদারি। প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য থাকবেন দু’জন পরিদর্শক।

     মোবাইল, ক্যালকুলেটর-সহ সব বৈদ্যুতিন যন্ত্র নিষিদ্ধ। নিয়ম ভাঙলে বাতিল হতে পারে পরীক্ষা। প্রথমবার উত্তরপত্র ইন্ডিয়া পোস্টের মাধ্যমে আঞ্চলিক সংসদ কার্যালয়ে পাঠানোর ব্যবস্থাও হয়েছে। উদ্বিগ্ন পরীক্ষার্থীদের পাশে থাকছে হেল্প ডেস্ক।

       কড়া নিরাপত্তার এই বেষ্টনীর মধ্যেই শুরু হবে পরীক্ষা- যেখানে একটি ওএমআর শিটের প্রতিটি দাগের সঙ্গে জড়িয়ে থাকবে বহু তরুণ স্বপ্নের ভবিষ্যৎ।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়