ভক্তির স্রোতে বেসুরো তর্ক, টোটো আটকাতেই উত্তপ্ত রাণীগঞ্জের শিশুবাগান মোড়
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
রাস্তাজুড়ে তখন ভক্তির স্রোত। খাটু শ্যাম মন্দিরমুখী মানুষের ভিড়ে রাণীগঞ্জের শিশুবাগান মোড় যেন ব্যস্ত জনপদের স্পন্দিত হৃদয়। সেই ভিড়ের মধ্যেই আচমকা ছন্দপতন- ট্রাফিক নিয়ম মানা নিয়ে টোটোচালকের সঙ্গে পুলিশের বচসায় উত্তপ্ত হয়ে উঠল রাস্তা।
মঙ্গলবার রাণীগঞ্জের খাটু শ্যাম মন্দিরে সরস সংকীর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। যানজট নিয়ন্ত্রণে শিশুবাগান মোড় ও তারবাংলা মোড়ে বিশেষ ব্যবস্থা নেয় ট্রাফিক গার্ড। পাঞ্জাবি মোড় থেকে রাণীগঞ্জমুখী যানবাহনের পাশাপাশি মন্দিরমুখী যান চলাচলেও ছিল কড়া নজরদারি।
অভিযোগ, সেই সময় ট্রাফিক নিয়ম না মেনে এক টোটোচালক মন্দিরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। কর্তব্যরত পুলিশ তাঁকে আটকাতেই শুরু হয় বচসা। রাস্তায় দাঁড়িয়েই বেশ কিছুক্ষণ চলে তর্ক-বিতর্ক। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অন্যান্য পুলিশকর্মীরা এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেন।
টোটো আর ট্রাফিক- আসানসোল শিল্পাঞ্চলের রাস্তায় এই দ্বন্দ্ব নতুন নয়। কখনও রুট নিয়ে, কখনও আইন ভাঙার অভিযোগে বারবার তৈরি হচ্ছে টানাপোড়েন। অথচ যানজটের এই শহরে নিয়মের পাশাপাশি প্রয়োজন বোঝাপড়ারও। কারণ রাস্তা সবার- সেখানে সংঘাত নয়, শৃঙ্খলাই শেষ পর্যন্ত পথ দেখাতে পারে।
Comments
Post a Comment