বন্দুকের ‘বাজি’! আসানসোলে নির্জন রাস্তায় জন্মদিনে শূন্যে গুলির ‘উল্লাস’


 রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:


    জন্মদিন মানেই কেক, হাসি আর শুভেচ্ছার মুহূর্ত। কিন্তু সেই কেক কাটার পরেই যদি আকাশের দিকে উঠে যায় পিস্তল, আর নীরব রাত চিরে একের পর এক গুলির শব্দ- তবে উৎসবের আলো মুহূর্তেই বদলে যায় আতঙ্কের অন্ধকারে। আসানসোলের নিউটাউন এলাকায় এমনই এক ‘অদ্ভুত জন্মদিন’-এর ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

     হীরাপুর থানার অন্তর্গত নিউটাউনের নির্জন রাস্তায় কয়েক দিন আগে গাড়ি দাঁড় করিয়ে জন্মদিন পালনের আসর বসেছিল কয়েকজন যুবকের। ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, গাড়ির বনেটে রাখা বড় কেক কাটছেন সাদা শার্ট ও কালো ট্রাউজার্স পরা এক যুবক। কেকের মিষ্টি মুহূর্ত ফুরোতেই তাঁর হাতে ওঠে পিস্তল। শূন্যে ছোড়া হয় গুলি। এরপর সেই আগ্নেয়াস্ত্র ঘুরে যায় বন্ধুর হাতে; তিনিও শূন্যে গুলি ছোড়েন।

      ভিডিয়ো নজরে আসতেই তদন্তে নামে হীরাপুর থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র হাতে দেখা এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার প্রণব কুমার।

     তবে রহস্য এখনও কাটেনি- পিস্তলটি সত্যিই আগ্নেয়াস্ত্র, নাকি নিছক খেলনা! অস্ত্র উদ্ধার ও জিজ্ঞাসাবাদের পরই মিলবে উত্তর। জন্মদিনের কেকের পাশে তাই আপাতত ঝুলছে প্রশ্ন- উৎসব ছিল, নাকি উৎসবের ছদ্মবেশে ভয় দেখানোর খেলা?

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়