চিকিৎসার ব্যাথায় হিংসার আঘাত: মানকরে ভাঙচুরের আঁধারে আইনি বিচার
সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:
জীবন বাঁচানোর যে প্রাঙ্গণ মানুষকে আশার আলো দেখায়, সেখানেই নেমে এলো এক আকস্মিক বিপর্যয় ও বিষাদের ছায়া। গত শুক্রবার রাতে বুদবুদের মানকর গ্রামীণ হাসপাতালে ৫৫ বছর বয়সী বুধন বাউরির অকালমৃত্যুকে কেন্দ্র করে জমে ওঠে এক বুক ক্ষোভ ও কান্নার রোল।
কিন্তু শোকে স্তব্ধ পরিবেশ নিমেষেই রূপান্তরিত হয় তাণ্ডবে- অভিযোগের তীর ওঠে চিকিৎসার গাফিলতির দিকে, আর হিংসার বলি হন কর্তব্যরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।
রোগীর স্বজনদের আর্তনাদ আর আক্রোশের আগুনে প্রকম্পিত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। ভাঙচুর চালানো হয় সরকারি সম্পত্তিতে। কিন্তু আইনের চোখে তাণ্ডব কখনো শোক প্রকাশের ভাষা হতে পারে না। সেই মর্মান্তিক ঘটনার পর অবশেষে বুদবুদ থানার পুলিশি সক্রিয়তায় নেমে এলো কঠোর পদক্ষেপ।
সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য দেখে গ্রেপ্তার করা হলো মানকরেরই বাসিন্দা ভরত আকুরে, সুমন বাউরি, দীপক বাউরি, অমিত বাউরি, রাহুল বাউরি ও শংকর আকুরেকে। সোমবার তাঁদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে রুজু করা হয়েছে জামিন অযোগ্য মামলা।
হাসপাতালে এমন তাণ্ডব ও স্বাস্থ্য়কর্মীদের ওপর হামলা রোধে প্রশাসনের এই কঠোর অবস্থান স্পষ্ট বার্তা দেয়- আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। মৃত্যুর শোক যেখানে সুবিচারের দাবি রাখে, সেখানে হিংসার কালো দাগ কেবল অনুশোচনাই বাড়িয়ে তোলে।
Comments
Post a Comment