বর্ষার ছলে বিপন্ন গতি: সড়ক দুর্ঘটনায় উল্টে গেল যাত্রীবোঝাই মিনিবাস
চিত্তরঞ্জন প্রসাদ, নিউজ হিন্দুস্থান -:
শ্রাবণের অঝোর ধারায় সিক্ত অপরাহ্ণে হঠাৎই নেমে এলো এক পৈশাচিক মুহূর্ত। কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত চিনাকুড়ি থেকে রানিগঞ্জগামী রুটে এক যাত্রীবোঝাই মিনিবাসের চাকা আচমকাই থমকে গেল নিয়তির নিষ্ঠুর খেলায়। আকাশে মেঘের ঘনঘটা আর পিচ ঢালা রাস্তায় বৃষ্টির পিচ্ছিল প্রলেপ- তারই মাঝে উল্টো দিক থেকে আসা মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে চালক স্টিয়ারিং ঘোরাতেই ঘটল বিপর্যয়।
রাস্তার ধারের কাদা ও নরম মাটিতে চাকা বসে গিয়ে মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাসটি। শান্ত চেনা পথ মুহূর্তে ভেসে গেল আর্তনাদ আর কান্নার রোল। কাদার স্তূপে দুমড়ে-মুচড়ে যাওয়া বাসের ভেতর থেকে এক অবলা শিশু ও এক মহিলার রক্তাক্ত সজল মুখ যেন পুরো পথচলতি মানুষের বুকেই ব্যথার প্রচ্ছদ এঁকে দিল।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার ও আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
Comments
Post a Comment