মুখে গণতন্ত্র, কথায় মারের হুঙ্কার- শঙ্করের ‘পিটিয়ে ছাতু’ রাজনীতিতে বিষের ছিটে
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান - :
রাজনীতির মঞ্চে মতের লড়াই থাকবে, তর্ক থাকবে, আক্রমণও থাকবে। কিন্তু শব্দ যখন শালীনতার সীমা পেরিয়ে হিংসার হুমকিতে পৌঁছয়, তখন প্রশ্ন ওঠে- এ কি রাজনীতি, নাকি ক্ষমতার ভাষায় প্রতিশোধের মহড়া?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওকে ঘিরে এমনই বিতর্কে উত্তপ্ত চিত্তরঞ্জন। ভিডিওতে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে চিত্তরঞ্জন মণ্ডল-৫-এর প্রাক্তন বিজেপি সভাপতি শঙ্কর তিওয়ারিকে। দলবদলু ও সুযোগসন্ধানীদের আক্রমণ করতে গিয়ে তাঁর ব্যবহৃত বিতর্কিত শব্দ এবং প্রকাশ্যে প্রহারের হুমকি ঘিরে শুরু হয়েছে সমালোচনা।
ভিডিওতে শঙ্করবাবুর অভিযোগ, এক শ্রেণির মানুষ সকালে এক দলে, বিকেলে অন্য দলে গিয়ে রাজনৈতিক ফায়দা লুটছেন। বিজেপির নাম ভাঙিয়ে কেউ কেউ দালালি, কমিশনখোরি ও তোলাবাজিতে যুক্ত- এমন অভিযোগও করেন তিনি।
কিন্তু অভিযোগের ভাষা নিয়েই তৈরি হয়েছে বড় প্রশ্ন। বিশেষত রূপান্তরকামী সম্প্রদায়কে নিয়ে তাঁর কথিত আপত্তিকর মন্তব্য সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে।
তার উপর ‘পিটিয়ে ছাতু’ করার হুঁশিয়ারি। যেন গণতন্ত্রের মাইক্রোফোন হাতে নিয়ে হিংসার ঢাক বাজানো!
রাজনীতিতে বিরোধিতা করার পথ অনেক। কিন্তু যুক্তির বদলে গালাগালি আর গণতন্ত্রের বদলে মারের হুমকি- এই ‘নতুন রাজনৈতিক অভিধান’ সমাজ কতটা গ্রহণ করবে, সেটাই এখন প্রশ্ন।
Comments
Post a Comment