বিদ্যার আঙিনায় রক্তাক্ত রাজনীতি: বি বি কলেজে সংঘর্ষের কালছায়ায় আতঙ্কের সুর
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
যে বিদ্যাপীঠ হওয়ার কথা ছিল জ্ঞানচর্চা, সংস্কৃতি আর সৌহার্দ্যের পবিত্র কেন্দ্রস্থল, সোমবার সেখানে নেমে এলো এক গভীর উদ্বেগের অন্ধকার। আসানসোলের ঐতিহাসিক বি বি কলেজে এক সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন ছাত্রদের মধ্যে বাঁধল রক্তক্ষয়ী সংঘর্ষ। মারামারির সেই তাণ্ডবে রক্তে রাঙাল শিক্ষাপ্রাঙ্গণ, আর এই ঘটনার হাত ধরে আবারও চরম উত্তেজনার পারদ চড়ল শিল্পাঞ্চলের ছাত্র রাজনীতিতে।
অভিযোগের আঙুল উঠেছে বহিরাগতদের প্রবেশের দিকে। ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের দাবি, টিএমসিপি সমর্থক বহিরাগতরা জোর করে ক্যাম্পাসে ঢুকে এই নৃশংস হামলা চালিয়েছে, যার ফলে গুরুতর জখম হয়েছেন এবিভিপির বেশ কয়েকজন ছাত্রছাত্রী। রক্তাক্ত পড়ুয়াদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করাতে হয়।
ঘটনার পর প্রতিবাদে ফেটে পড়েন এবিভিপি সমর্থকেরা। কলেজের প্রিন্সিপাল ডাঃ অমিতাভ বসুর পদত্যাগ দাবি করে ক্ষোভে সোচ্চার হন তাঁরা। জেলা নেতা ওম প্রকাশ মিশ্রের অভিযোগ- অধ্যক্ষের পরোক্ষ মদতেই বহিরাগতদের এই দৌরাত্ম্য।
অন্যদিকে, সম্পূর্ণ বিপরীত সুর তুলে অধ্যক্ষ ডাঃ অমিতাভ বসু জানান, এবিভিপির অভ্যন্তরীণ দুই গোষ্ঠীর কোন্দলেই এই রক্তক্ষরণ। একই সঙ্গে শিক্ষকদের প্রতি ছাত্রীদের অভব্য আচরণের প্রতিবাদ জানিয়ে তিনি স্পষ্ট করেন, হাজার হাজার সাধারণ পড়ুয়ার ভবিষ্যত ১০-১২ জন বিশৃঙ্খলাকারীর হাতে বলি হতে দেওয়া যাবে না।
আসানসোল দক্ষিণ থানার পুলিশ ইতিমধ্যেই তদন্তের ব্যাটন হাতে নিয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে, আর ক্যাম্পাসের দরজায় রাখা হচ্ছে কঠোর নিরাপত্তার পাহারা।
Comments
Post a Comment