জাতীয় সড়কের ধারে ৬ ফুটের ধস, আতঙ্ক রানীগঞ্জের শিশুবাগানে
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
রানীগঞ্জের শিশুবাগান মোড়ে ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ খুঁটির নিচে হঠাৎ ধস নামাকে ঘিরে রবিবার বিকেলে চাঞ্চল্য ছড়ায়। নজরুল মূর্তির বিপরীতে বিকেল চারটে নাগাদ আচমকা মাটি বসে গিয়ে প্রায় ৫–৬ ফুট গভীর গর্ত তৈরি হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় একটি টোটো ওই অংশে দাঁড়িয়ে থাকায় সেটি আচমকা গর্তে ঢুকে যায়। দ্রুত সেটিকে সরিয়ে নেওয়ায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়।
ব্যস্ততম এই জাতীয় সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার ছোট-বড় যান চলাচল করে। ফলে জনবহুল এলাকায় আচমকা ধসের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, বছর তিনেক আগেও এই এলাকায় ধসের ঘটনা ঘটেছিল। তার পাশেই ফের ধস নামায় আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিটিশ আমলে এলাকার জলনিকাশির জন্য তৈরি বেশ কিছু নালা এই অঞ্চলের নীচ দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শিশুবাগান ডোমপাড়া এলাকায় একসময় বড় জলাশয় ও কয়লাখনি ছিল। অতীতে ওই বিস্তীর্ণ এলাকায় একাধিকবার ধসের ঘটনাও ঘটেছে।
Comments
Post a Comment