দাবির মিছিলে সরব সালানপুর, কৃষকসভার ১৫ দফার স্মারকলিপি
সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:
অভাবের উঠোনে জমেছে ক্ষোভ, সমস্যার পাহাড় পেরিয়ে এবার দাবির ভাষায় সরব সালানপুর। কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির প্রতিবাদ এবং সাধারণ মানুষের জ্বলন্ত সমস্যার সমাধানের দাবিতে বৃহস্পতিবার, গণ-ডেপুটেশন কর্মসূচি পালন করল সারা ভারত কৃষক সভার সালানপুর ব্লক কমিটি। বিডিও-র কাছে তুলে দেওয়া হয় ১৫ দফা দাবি সম্মিলিত স্মারকলিপি।
সরকারি প্রকল্পের ভেরিফিকেশনে স্বচ্ছতা, প্রকৃত দরিদ্রদের আবাস যোজনার সুবিধা, বকেয়া কিস্তি প্রদান এবং সর্বত্র পানীয় জল পৌঁছে দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি বেহাল রাস্তা, নিকাশি ও জঙ্গল সাফাইয়ের দ্রুত ব্যবস্থা করার কথাও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। দরিদ্রদের রেশন কার্ডের উন্নীতকরণ এবং বৈধ নাগরিকের ভোটাধিকার সুরক্ষার দাবিও উঠে আসে।
বালির অভাবে রাজমিস্ত্রি ও জোগাড় শ্রমিকদের কাজ হারানোর প্রসঙ্গ তুলে ন্যায্য মূল্যে বালি সরবরাহের দাবি জানানো হয়। কৃষকের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, কৃষিঋণ মকুব, মহাজনী ঋণের চাপ থেকে মুক্তি এবং বিকল্প চাষে প্রশিক্ষণের দাবিও জানানো হয়েছে।
বন্ধ শিল্পের জমিতে নতুন শিল্প, মৎস্যজীবীদের সরকারি সুবিধা ও পেনশন, সরকারি শূন্যপদে নিয়োগ এবং MGNREGA-য় বছরে ২০০ দিনের কাজ ও ৬০০ টাকা মজুরির দাবিও স্মারকলিপিতে রয়েছে।
Comments
Post a Comment