জলের বুকে সূর্যের স্বপ্ন, তীরে জমে ক্ষোভের মেঘ—মাইথনে ফের অশান্তি


 চিত্তরঞ্জন প্রসাদ, সালানপুর-:

      মাইথন ড্যামের জলে ভেসে উঠতে চলেছে সৌরবিদ্যুতের স্বপ্ন, অথচ সেই স্বপ্নের আলো পৌঁছয়নি ড্যামপাড়ের মানুষের ঘরে। বরং পুরনো ক্ষোভের আঁধার আরও ঘন হয়েছে। প্রস্তাবিত ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প ঘিরে শুক্রবার কালিপাথর ও রামচন্দ্রপুরের কমিউনিটি হলে আয়োজিত সমন্বয় বৈঠক কার্যত ভেস্তে গেল।

      উচ্ছেদ হওয়া পরিবারের প্রতিনিধিদের অভিযোগ, ড্যাম তৈরির সময় স্থায়ী চাকরি, বিনামূল্যে বিদ্যুৎ, উন্নত শিক্ষা ও পানীয় জলের যে প্রতিশ্রুতি মিলেছিল, বহু বছরেও তার পূর্ণ বাস্তবায়ন হয়নি। এবার সেই জলেই সৌর প্রকল্প! তাই তাঁদের দাবি—স্থানীয়দের বিনামূল্যে বিদ্যুৎ, যোগ্য যুবক-যুবতীদের চাকরি এবং হাসপাতাল, স্কুল ও পানীয় জলের উন্নত ব্যবস্থা।

      দাবি পূরণের আশ্বাস না মেলায় ক্ষুব্ধ গ্রামবাসীরা বৈঠক বয়কট করে বেরিয়ে যান। ডিভিসি জানিয়েছে, দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। পাশাপাশি স্থানীয় অদক্ষ শ্রমিক নিয়োগ, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল ও স্কুল উন্নয়নের আশ্বাস দেওয়া হয়েছে।

     তবু প্রশ্ন থেকে যায়—ড্যামের জলে যদি আলো ভাসে, তবে ড্যামপাড়ের ঘরে সেই আলো পৌঁছবে কবে?

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি