জিহ্বায় স্বাদ, থালায় বিষ: আসানসোলে খাদ্য সুরক্ষার রথ
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
শহরের কোলাহল আর রকমারি খাবারের চেনা সুবাসের আড়ালে লুকিয়ে ছিল এক কালান্তক সত্য। যে রেস্তোরাঁ ও মিষ্টির দোকানের থালায় নগরবাসী প্রতিদিন তৃপ্তির রসাস্বাদন করেন, সেখানেই থাবা বসিয়েছে চরম অবহেলা ও অস্বাস্থ্যকর পরিবেশ। আসানসোলের বুকে খাদ্য সুরক্ষা দপ্তরের আকস্মিক অভিযান যেন সেই মায়াজাল ছিন্ন করে এক নির্মম বাস্তবকে সামনে এনে দাঁড় করাল।
রেস্তোরাঁর ঝকঝকে আলোকসজ্জার নেপথ্যে ফ্রিজে জমিয়ে রাখা বাসি মিষ্টি, মেয়াদের সীমা পেরোনো দই, আর নর্দমার কোল ঘেঁষে পড়ে থাকা কাঁচা মাংস দেখে শিউরে উঠেছেন আধিকারিকেরা। কোথাও নেই ব্যবসায়িক অনুমোদন, কোথাও আবার খাবারে ব্যবহৃত মশলার নামে পরিবেশন করা হচ্ছিল বিষাক্ত উপাদান। জনস্বাস্থ্যের এই অবমাননায় ক্ষুব্ধ প্রশাসন তাৎক্ষণিকভাবে ভেজাল খাবার ধ্বংসের নির্দেশ দিয়েছে এবং জারি করেছে কারণ দর্শানোর নোটিশ।
এই কঠোর পদক্ষেপে ব্যবাসায়ী মহলে হঠাৎই নেমে এসেছে আতঙ্কের ছায়া, অন্যদিকে সচেতন নাগরিক মনে জাগছে স্বস্তির আলো। প্রশাসন জানিয়ে দিয়েছে, সুরক্ষার নামে এই প্রবঞ্চনা আর সহ্য করা হবে না। জনস্বাস্থ্যের স্বার্থে ভবিষ্যতেও অব্যাহত থাকবে এই শুদ্ধিকরণ অভিযান, যাতে কোনো বাণিজ্যিক লোভ আমজনতার রসনাতৃপ্তির থালায় বিষের ছায়া ফেলতে না পারে।
Comments
Post a Comment