ঘাম ঝরে শ্রমিকের, অধিকার কি ঝরে যায়? স্প্রিন্টিজ টিউবের গেটে জমল ক্ষোভের কালো মেঘ




     
 চিত্তরঞ্জন প্রসাদ, জামুড়িয়া: কারখানার চিমনি থেকে ধোঁয়া উঠছে, যন্ত্রের চাকা ঘুরছে, উৎপাদনের গ্রাফও হয়তো ঊর্ধ্বমুখী। কিন্তু সেই চাকার নীচে যে শ্রমিকের ঘাম, তাঁর জীবনে কি বদল এসেছে? ন্যায্য অধিকার আর সম্মানের দাবিতে জামুড়িয়া শিল্পতালুকের স্প্রিন্টিজ টিউব প্রাইভেট লিমিটেড কারখানার গেটে গর্জে উঠল সিটু।

          বেতন বৃদ্ধি, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ এবং নির্ধারিত ৮ ঘণ্টার পরিবর্তে ১২ ঘণ্টা কাজ করানোর অভিযোগ তুলে সরব হন আন্দোলনকারীরা। সিটুর দাবি, বছরের পর বছর কাজ করেও বহু শ্রমিক স্থায়ী কর্মীর মর্যাদা থেকে বঞ্চিত। অতিরিক্ত সময় কাজ করানো হলেও সেই অনুপাতে সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ।

      আরও অভিযোগ, ঠিকাদারদের মাধ্যমে কারখানার ভিতরে তৈরি হয়েছে সিন্ডিকেটের পরিবেশ। প্রতিবাদ করলেই কাজ হারানোর ভয় দেখানো হয় বলেও দাবি সিটুর।

        গেট মিটিং থেকে নেতৃত্বের হুঁশিয়ারি, ভয় দেখিয়ে শ্রমিকের কণ্ঠ রোধ করা যাবে না। দ্রুত দাবি না মানলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার বার্তা দেওয়া হয়েছে।

     অভিযোগ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
কারখানার গেটের সামনে তাই আজ একটাই প্রশ্ন- যে হাতে উৎপাদনের চাকা ঘোরে, সেই হাতের ন্যায্য অধিকার কি কোনওদিন ফিরবে? নাকি জমে থাকা হতাশাই একদিন আন্দোলনের আগুন হয়ে জ্বলে উঠবে?

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি