সিদাবাড়ি সোলার প্রকল্পের বিরুদ্ধে গ্রামবাসীদের ক্ষোভ, ডিভিসির বিরুদ্ধে গর্জে উঠলেন বাস্তুহারারা, 'উন্নয়নের নামে বিনাশ বরদাস্ত নয়'
চিত্তরঞ্জন প্রসাদ, সালানপুর:-
সালানপুর ব্লকের সিদাবাড়ি গ্রামের কাছে মাইথন জলাশয়ে ডিভিসি (DVC) কর্তৃপক্ষের প্রস্তাবিত ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প (Floating Solar Energy Project) ঘিরে বিতর্ক আরও তীব্র হয়ে উঠল। রবিবার 'দামোদর ঘাটি বাস্তুহারা সংগ্রাম সমিতি'-র ব্যানারে মাইথনের কালীপাথর ন্যাশনাল ফুটবল গ্রাউন্ডে জামতাড়া, সালানপুর এবং মাইথন অঞ্চলের বাস্তুচ্যুত পরিবারগুলির এক সমাবেশ অনুষ্ঠিত হয়।এই আন্দোলনে আদিবাসী সম্প্রদায়ের বাস্তুচ্যুত মানুষেরাও বিপুল সংখ্যায় যোগ দেন। নিজেদের ঐতিহ্যবাহী ঢোল-ডুগডুগি বাজিয়ে প্রস্তাবিত সৌর প্রকল্পের বিরুদ্ধে তাঁরা তীব্র প্রতিবাদ নথিভুক্ত করেন।
'উন্নয়নের নামে বিনাশ বরদাস্ত নয়' আন্দোলনকারীরা স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়ে জানান যে, তাঁরা উন্নয়নের বিরোধী নন,কিন্তু উন্নয়নের নামে বিনাশ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।বাস্তু হারারা জানান, "মাইথন ড্যাম কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। এই ড্যাম তৈরির জন্য হাজার হাজার পরিবার নিজেদের জমি উৎসর্গ করেছেন। অথচ আজ ডিভিসি কর্তৃপক্ষ গুটি কয়েক মানুষের সঙ্গে বৈঠক করে 'ভাগ করো ও শাসন করো' নীতি চালাচ্ছে।"
গ্রামবাসীদের অভিযোগ, ডিভিসি আগেই প্রতারণা করে তাঁদের পূর্বপুরুষদের জমি ছিনিয়ে নিয়েছে, আর এখন তাঁদের অবশিষ্ট অধিকারটুকুও কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে।
রুজি-রুটিতে সংকটের মেঘ
জীবিকার সংকট তুলে ধরে স্থানীয় বাসিন্দারা জানান, মাইথন ড্যামের জলাশয়ে নৌকা চালিয়ে এবং মাছ ধরে শত শত পরিবার সংসার চালান। জলাশয়ে সোলার প্যানেল বসানো হলে তাঁদের সেই আক্ষরিক রুজি-রুটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে।
গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়ে জানান, শেষ রক্তবিন্দু পর্যন্ত তাঁরা লড়াই করবেন এবং কোনো অবস্থাতেই এখানে সোলার প্ল্যান্ট গড়তে দেবেন না। ডিভিসি প্রশাসনকে যদি সোলার প্ল্যান্ট বসাতেই হয়, তবে সমস্ত গ্রামবাসীকে নিয়ে খোলামেলা বৈঠক করতে হবে। প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরার পাশাপাশি ক্ষতিপূরণ, সুবিধা এবং চাকরির বিষয়ে স্পষ্ট আলোচনা করতে হবে।
সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন প্রতিবাদকারীরা পরিষ্কার জানিয়ে দেন যে, তাঁদের এই লড়াই সম্পূর্ণ অরাজনৈতিক। তবে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী এটিকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছে। ডিভিসি কর্তৃপক্ষকে সাবধান করে দিয়ে তাঁরা জানান, মাইথন ড্যামে নিজেদের অধিকার রক্ষার তাগিদে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে তাঁরা প্রস্তুত।এই প্রতিবাদ সভায় ডোমডোহা, কালীপাথর, বৃন্দাবনী, বাথানবাড়ি, সিধাবাড়ি, লাদনা, লীলডোহা, খেরওয়া, বীরগ্রাম, কর্মা, কালীপাহাড়ি, নিমডাঙা, পোড়াদিহ, মঙ্গলমারা, পোয়লাদিহ, দুলালশোল এবং জসপুরসহ বহু গ্রামের শত শত গ্রামবাসী ও বাস্তুচ্যুত মানুষ অংশ নেন।
Comments
Post a Comment