জেসিবির দাঁতে শৈশব! এক রাতেই ‘উন্নয়নের’ কোপে ৫০ বছরের খেলার মাঠ
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, সালানপুর -:
রাতের অন্ধকার যেন এদিন শুধু আকাশকেই ঢাকেনি, ঢেকে দিতে চেয়েছিল অর্ধশতাব্দীর স্মৃতি, শৈশবের হাসি আর ভবিষ্যতের স্বপ্নও। সালানপুরের ধাঙ্গুডি মৌজার চিতালডাঙ্গার ৫০ বছরের পুরনো খেলার মাঠে গভীর রাতে জেসিবির গর্জন যেন ঘোষণা করল- এখন খেলার মাঠের চেয়ে প্লটের দাম বেশি! সকালে ফুটবল আর ক্রিকেট ব্যাট হাতে মাঠে এসে শিশুদের চোখে ধরা পড়ে মাটির ক্ষত, আর সেই ক্ষত মুহূর্তেই ছড়িয়ে পড়ে মানুষের মনে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এক প্রভাবশালী জমি মাফিয়া চক্র মাঠটি দখলের ছক কষছিল। তাদের দাবি, সরকারি খাস জমিকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করার এই চেষ্টার বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চলবে। যদিও অভিযুক্ত পক্ষের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, জমিটি পূর্বপুরুষদের রায়তি সম্পত্তি এবং প্রয়োজনীয় বৈধ নথিও তাদের কাছে রয়েছে।
ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসন জানিয়েছে, সরকারি রেকর্ড খতিয়ে দেখে পুনরায় জমি মাপজোক করা হবে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের কাজ বন্ধ থাকবে।
Comments
Post a Comment