মাটির বুক চিরে উঠছে ধোঁয়া - অদৃশ্য বিপদের ছায়ায় দিন কাটাচ্ছেন বাসিন্দারা



রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:


       দেখতে শান্ত, অথচ বুকের ভেতরে যেন লুকিয়ে রয়েছে এক অজানা রহস্য। আসানসোল পুরনিগমের ৭৫ নম্বর ওয়ার্ডের গ্রিন ভ্যালি এলাকায় গত দুই থেকে তিন মাস ধরে মাটির নিচ থেকে অবিরাম ধোঁয়া বের হতে থাকায় চরম উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ঘনবসতিপূর্ণ এই এলাকায় রয়েছে বহু বাড়ি, বহুতল আবাসন ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। ফলে ধোঁয়ার প্রকৃত উৎস অজানা থাকায় অদৃশ্য বিপদের আশঙ্কা ক্রমেই বাড়ছে।

      স্থানীয়দের একাংশের ধারণা, এটি ভূগর্ভস্থ কয়লার আগুনের ধোঁয়া হতে পারে। আবার কেউ গ্যাস নির্গমন বা ভূগর্ভস্থ বৈদ্যুতিক লাইনের ত্রুটির সম্ভাবনার কথাও বলছেন। তবে প্রশাসন বা সংশ্লিষ্ট কোনও দপ্তর এখনও এ বিষয়ে নিশ্চিত মত জানায়নি। অভিযোগের ভিত্তিতে একাধিক সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করলেও রহস্যের জট কাটেনি।

      বাসিন্দাদের দাবি, বিশেষ করে রাতের বেলা এবং বৃষ্টির সময় ধোঁয়ার পরিমাণ বেড়ে যায়, যা তাঁদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে। যদিও এখনও আগুন, বিস্ফোরণ বা ধসের কোনও সরকারি প্রমাণ মেলেনি, তবুও দীর্ঘদিন ধরে এই অস্বাভাবিক পরিস্থিতি এলাকাবাসীকে নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

        এখন সকলের একটাই দাবি- বিশেষজ্ঞদের মাধ্যমে দ্রুত বৈজ্ঞানিক পরীক্ষা করে ধোঁয়ার প্রকৃত উৎস চিহ্নিত করা হোক। সম্ভাব্য ঝুঁকি থাকলে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করুক প্রশাসন।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি