ক্যামেরার চোখে স্বচ্ছতার পথ, রামপুরে পরিবহনমন্ত্রীর আকস্মিক পরিদর্শন


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

         সোমবার সকালের ব্যস্ততায় আচমকাই কুলটির রামপুরে হাজির পরিবহনমন্ত্রী অর্জুন সিং। ১৯ নম্বর জাতীয় সড়কের রামপুর এমভিআই চেকপোস্ট ও দপ্তরে তাঁর আকস্মিক পরিদর্শন ঘিরে তৈরি হয় চাঞ্চল্য। দপ্তরের বিভিন্ন পরিকাঠামো ঘুরে দেখার পাশাপাশি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি।

      পরিদর্শন শেষে মন্ত্রী জানান, দপ্তরের পরিকাঠামোয় কিছু ঘাটতি রয়েছে, যা আধিকারিকরা তাঁকে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে পরিষেবার সমস্ত কাজ অনলাইনের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। দুর্নীতির অভিযোগের পথ বন্ধ করতে দপ্তরের বিভিন্ন জায়গায় সিসিটিভি এবং আধিকারিক-কর্মীদের জন্য বডি ক্যামেরা ব্যবহারের কথাও বলেন মন্ত্রী। তাঁর বক্তব্য, প্রতিটি কাজের স্বচ্ছ রেকর্ড থাকলে অভিযোগের অবকাশও কমবে।

     সম্প্রতি বেআইনিভাবে ট্রাক আটকে ঘুষ নেওয়ার অভিযোগে রামপুর চেকপোস্টের দুই এমভিআই ইন্সপেক্টর প্রথমে সাসপেন্ড ও পরে গ্রেফতার হন। সেই প্রসঙ্গে মন্ত্রী জানান, তদন্ত চলছে। পাশাপাশি কর্মীদের ভয়মুক্ত হয়ে কাজ করার বার্তাও দিয়েছেন তিনি।

       রামপুরে তাই আজকের বার্তা একটাই- ক্যামেরার চোখে ধরা পড়ুক কাজ, স্বচ্ছতার আলোয় মুছে যাক দুর্নীতির অন্ধকার।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি