শর্তের বেড়াজালে অন্নপূর্ণা যোজনা: ১৭ তারিখ থেকে মিলবে সাহায্য, আশ্বাসে স্বস্তি
সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:
নবান্নের অলিন্দ থেকে উঠে আসা নতুন নির্দেশিকা যেন একঝলক স্বস্তি আর কৌতূহলের দোলা লাগাল সাধারণ মানুষের মনে। বুধবার মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন অন্নপূর্ণা যোজনার নতুন রূপরেখা। পঁচিশ থেকে ষাট বছর বয়সি মহিলারা এই আর্থিক সহায়তার আওতাভুক্ত হলেও, কিছু সুনির্দিষ্ট শর্তের বেড়াজাল জড়িয়ে রয়েছে এর সঙ্গে।
মাসিক আয় ১০ হাজার টাকার বেশি হলে, বার্ষিক পারিবারিক আয় ১২ লক্ষ টাকা পেরোলে কিংবা বড় মাপের জমির মালিকানা থাকলে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে হবে।
পাশাপাশি, সরকারি চাকুরিজীবি বা নির্দিষ্ট কিছু স্থায়ী পদে যুক্ত পরিবারের সদস্যরাও এর বাইরে থাকবেন। তবে গ্রামীণ এলাকার জমি বা পাকা বাড়ি সংক্রান্ত শর্তে কিছুটা ছাড় দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে প্রশাসন।
অন্যদিকে, বিধবা ভাতাভোগী কিংবা পিএম কিষান নিধিপ্রাপ্ত কৃষকদের পরিবারগুলির জন্য থাকছে বিশেষ স্বস্তি। দিব্যাঙ্গ ভাতাপ্রাপ্তরা দ্বৈত সুবিধার সুযোগ পেলেও, ৩ হাজার টাকার কম ভাতা পাওয়া মহিলারা পাবেন সরাসরি অন্নপূর্ণা যোজনার সম্পূর্ণ অর্থ।
সব জল্পনার অবসান ঘটিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন, “১৭ তারিখ থেকে যোগ্য লোকেরা টাকা পাবেন।”
আবেদনপত্র যাচাইয়ের এই প্রক্রিয়া শেষ হলেই অর্থ দফতর সরাসরি জেলাভিত্তিক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই আর্থিক সহায়তা পৌঁছে যাওয়ার কথা থাকলেও চলতি মাসে এই প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ১৭ তারিখেই।
শর্তের এই গোলকধাঁধা পেরিয়ে শেষ পর্যন্ত যোগ্য মহিলাদের মুখে হাসি ফোটার অপেক্ষা।
Comments
Post a Comment