রাতের কলকাতায় স্বাধীনতার পদধ্বনি

সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:

      স্বাধীনতা দিবসের প্রাক্কালে ফের জেগে উঠছে শহরের রাত। অভয়া-কাণ্ডের দু’বছর পর আগামী ১৪ আগস্ট রাত ৯টায় নারীদের পথে নামার আহ্বান জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নারী-নিরাপত্তা ও স্বাধীনতার দাবিকে সামনে রেখে তাঁর ডাক- ‘রাত দখল’-এর।

     আট থেকে আশি- বয়সের গণ্ডি পেরিয়ে সকল মহিলাকেই এই কর্মসূচিতে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। বালিগঞ্জ শিক্ষাসদন থেকে শুরু হবে পদযাত্রা। বালিগঞ্জ হয়ে মিছিল পৌঁছবে গোলপার্কে, সেখান থেকে আবার ফিরবে শিক্ষাসদনের পথে। রাতের শহরকে নারীদের জন্য নিরাপদ করে তোলার প্রত্যয়ের বার্তাই থাকবে এই পদযাত্রার কেন্দ্রে।

      অগ্নিমিত্রা পালের কথায়, “মহিলাদের স্বাধীনতার স্বার্থে আমরা রাত ৯টায় রাস্তায় নামব।” এই আহ্বানের মধ্যে যেন শুধু একটি মিছিলের ডাক নয়, রয়েছে দীর্ঘদিনের এক প্রশ্নের প্রতিধ্বনি- রাত কি তবে এখনও নারীর জন্য নিষিদ্ধ প্রহর?

      অভয়া-কাণ্ডের পর নারী-নিরাপত্তা নিয়ে যে ক্ষোভ, উদ্বেগ ও প্রতিবাদের ঢেউ উঠেছিল, তার স্মৃতিও এই কর্মসূচিকে আলাদা তাৎপর্য দিচ্ছে। একইসঙ্গে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। আগে যে ধরনের কর্মসূচিকে ‘হুজুগ’ বলে কটাক্ষ করার অভিযোগ উঠেছিল, দু’বছর পর সেই আবহেই ফের ‘রাত দখল’-এর ডাক।

     ১৪ আগস্টের রাত তাই শুধু একটি রাত নয়- নিরাপত্তা, স্বাধীনতা ও সম-অধিকারের দাবিতে নারীদের দৃপ্ত পদচারণার এক প্রতীকী মঞ্চ।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি