স্বাধীনতার দিনে ‘ছুটি’ই যেন পরাধীন!


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     স্বাধীনতা দিবসে যখন দেশজুড়ে উড়ছে তেরঙ্গা, তখন সালানপুর এরিয়ার ডাবর কোলিয়ারিতে উল্টো ছবি- ছুটির দাবিতেই শ্রমিকদের ‘স্বাধীন’ বিক্ষোভ! রবিবার ও সরকারি ছুটি বন্ধের প্রতিবাদে শুক্রবার সকাল ৬টা থেকে কাজ বন্ধ করে আন্দোলনে নামেন কোলিয়ারির শ্রমিকরা।

     শ্রমিকদের অভিযোগ, উৎপাদন যথেষ্ট থাকা সত্ত্বেও ম্যানেজমেন্ট ‘ষড়যন্ত্র করে’ রবিবার ছুটি বন্ধ করেছে। এমনকি ১৫ আগস্টের মতো জাতীয় ছুটির দিনেও ছুটির টাকা না মেলায় ক্ষোভ আরও তীব্র হয়েছে। অর্থাৎ স্বাধীনতার দিনে স্বাধীনতার অন্যতম প্রতীক-ছুটি নিয়ে শুরু হয়েছে নতুন লড়াই!

     বিক্ষোভকারীরা কোলিয়ারির ম্যানেজার  ও প্রকল্প ম্যানেজারকে একেবারে ঘেরাও করে শুরু হয়েছে ঐতিহাসিক ‘শ্রমিক বন্দি উৎসব’।  বন্ধ হয়ে যায় কোলিয়ারির সমস্ত কাজ। CMS AITUC-এর ভাইস প্রেসিডেন্ট রাজেশ কুমার সিংয়ের দাবি, উপরতলার আধিকারিকরা না আসা পর্যন্ত আন্দোলন চলবে।

    ম্যানেজমেন্ট নাকি উপরতলায় খবর পাঠিয়েছে, কিন্তু আধিকারিকদের দেখা নেই। কর্তৃপক্ষও মুখে কুলুপ এঁটেছে। ফলে প্রশ্ন একটাই- স্বাধীনতার ৮০ বছরে ছুটিও কি এবার ‘উৎপাদনশীলতার’ হাতে বন্দি?

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি