ছোট্ট পায়ে শ্রাবণের পথে, মহাদেবের দ্বারে খুদে কাঁবরিয়ারা


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

     শ্রাবণের আকাশে ভক্তির মেঘ, হাতে ছোট্ট কাঁবর, কণ্ঠে ‘বোল বাম’- বরাকরের পথে রবিবার যেন ফুটে উঠল এক অন্যরকম দৃশ্য। ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দিতে প্রথমবারের মতো আয়োজিত হল ‘বাল কাঁবরিয়া যাত্রা’। যুবসমাজের উদ্যোগে এই অভিনব যাত্রায় ২ থেকে ৮ বছর বয়সী ৩০১ জন খুদে কাঁবরিয়া অংশ নেয়।

     বরাকরের ওল্ড জিটি রোড সংলগ্ন ডায়মন্ড মাঠ ঘাট থেকে নদীর জল সংগ্রহ করে ছোট ছোট পায়ে শুরু হয় যাত্রা। ‘বোল বাম’ ধ্বনিতে মুখরিত পথ পেরিয়ে বৈগুনিয়া হয়ে তারা পৌঁছয় সিদ্ধেশ্বরী মন্দিরে। সেখানে ভক্তিভরে বাবা মহাদেবের শিরে জল অর্পণ করে খুদেরা।

      খুদে ভক্তদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কুলটির বিধায়ক ড. অজয় পোদ্দার। শুধু দর্শকের ভূমিকায় না থেকে তিনিও শিশুদের সঙ্গে পায়ে পা মিলিয়ে মন্দির পর্যন্ত হাঁটেন এবং মহাদেবের মাথায় জল অর্পণ করেন।

      আয়োজকদের বক্তব্য, প্রযুক্তির ঝলকানি ও খেলাধুলার আকর্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে ধর্মীয় সংস্কৃতি ও ঐতিহ্যের শিকড়ও পৌঁছে দেওয়া জরুরি। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ। প্রথম বছরেই তিন শতাধিক মানুষের সাড়া তাঁদের আশাবাদী করেছে। আগামী দিনে সংখ্যাটি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

    শিশুদের সেই ছোট্ট কাঁধে আজ হয়তো কাঁবর, কিন্তু তার ভিতরেই যেন বহমান আগামী দিনের এক দীর্ঘ সাংস্কৃতিক পরম্পরা। ছোট্ট পায়ের এই পদযাত্রা তাই শুধু মন্দিরের পথে নয়- শিকড়ের কাছে ফিরে যাওয়ারও এক প্রতীকী যাত্রা।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি