স্বল্প মজুরিতে আটকে শ্রমিকের ঘাম, ১৪ লক্ষের ‘দাম’-এ থমকে মানবিকতা!
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
দেন্দুয়া-কল্যাণেশ্বরী শিল্পাঞ্চলের বাতাসে আজ যেন লোহার গন্ধের সঙ্গে মিশে গেল শ্রমিকের ক্ষোভ। রাজ্য সরকারের ঘোষিত নতুন ন্যূনতম মজুরি না পাওয়ার অভিযোগে সালানপুরের ‘এলোকুইন্ট স্টিল প্ল্যান্ট’-এর গেটের সামনে কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হলেন শ্রমিকরা।
বিক্ষোভকারীদের দাবি, ত্রিপাক্ষিক বৈঠকের চুক্তি অনুযায়ী তাঁদের দৈনিক ন্যূনতম মজুরি ৩৮৬ টাকা হওয়ার কথা। অথচ কর্তৃপক্ষ এখনও ৩২৩ টাকা হারে মজুরি দিচ্ছে। বারবার দাবি জানিয়েও মেলেনি সমাধান। ফলে প্রশ্ন উঠছে—শ্রমিকের ঘাম কি চুক্তির কাগজে শুকিয়ে যায়?
শ্রমিকনেতা অমর নাথ মাহাতোর অভিযোগ, মালিকদের সংগঠন বর্ধিত মজুরি কার্যকর করতে অনীহা দেখাচ্ছে। তাঁর আরও অভিযোগ, নিরাপত্তার ক্ষেত্রেও শ্রমিকদের অবহেলা করা হয়। সুরক্ষার অভাবে মৃত্যু হলে ১৪ লক্ষ টাকা দেওয়ার কথা বলা হলেও তাঁর প্রশ্ন, “শ্রমিকের জীবনের দাম কি ১৪ লক্ষ টাকা?”
কর্তৃপক্ষ একবার আলোচনায় এলেও মেলেনি সমাধান। তাই ন্যায্য মজুরি না পাওয়া পর্যন্ত গেটের সামনে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি শ্রমিকদের। অভিযোগের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
Comments
Post a Comment