দুধকাণ্ডের বিতর্কে আত্মপক্ষ সমর্থন, ফুটপাথ নিয়ে কঠোর বার্তা অগ্নিমিত্রার
সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:
কলকাতার পার্কস্ট্রিটের ফুটপাথে শিশুর দুধ গরম করার ঘটনাকে ঘিরে বিতর্কের আবহেই শহর পরিষ্কার ও শৃঙ্খলাবদ্ধ করার প্রশ্নে আরও একবার কঠোর বার্তা দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
সোমবার সকালে সমাজমাধ্যমে প্রকাশিত ভিডিওবার্তায় তিনি দাবি করেন, সেদিন কোনও শিশুর মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি; শুধু ব্যস্ত ফুটপাথ থেকে পরিবারটিকে সরে যেতে বলা হয়েছিল।
মন্ত্রী বলেন, ফুটপাথে হামাগুড়ি দেওয়া শিশুকে ঘিরে যেকোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। সেই দায় কে নেবে- প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য, ফুটপাথ কোনও গৃহস্থের উঠোন নয়; সেখানে পথচারীর অধিকারই সবার আগে। গরিব কিংবা বড়লোক- ফুটপাথ কাউকে আলাদা করে চেনে না, তার বুক দিয়ে চলেন সকল মানুষ।
বিরোধীদের সমালোচনার জবাবে অগ্নিমিত্রার তোপ, বছরের পর বছর ফুটপাথ দখল, বেআইনি পার্কিং ও অনিয়মকে প্রশ্রয় দেওয়া হয়েছে। এখন সেগুলি সরিয়ে শহরকে স্বাভাবিক পথে ফেরানোর উদ্যোগ নিতেই রাজনৈতিক আপত্তি উঠছে। তবে সরকারের কাজ কারও সুবিধা-অসুবিধার হিসাব কষে থেমে থাকবে না বলেও স্পষ্ট করেন তিনি।
শিল্প ও বিনিয়োগ টানতে হলে প্রয়োজন পরিচ্ছন্ন রাস্তা, সচল ফুটপাথ, স্বাভাবিক যান চলাচল ও সুস্থ নগর পরিবেশ- মন্ত্রীর কথায় সেই বৃহত্তর লক্ষ্যেই চলছে সংস্কার। তাঁর দাবি, রাস্তা থেকে নিকাশি- সব ক্ষেত্রেই কাজ এগোচ্ছে। অতীতের দীর্ঘ অব্যবস্থার ক্ষত একদিনে মুছে ফেলা সম্ভব নয়; তবে প্রতিশ্রুতির পথেই সরকার এগোবে- এই আশ্বাসই দিয়েছেন তিনি।
Comments
Post a Comment