সাত সকালেই বৃদ্ধার সোনার চেন ছিনতাই, তীব্র চাঞ্চল্য কুলটিতে,ভাইরাল সিসিটিভি ফুটেজ


সংবাদদাতা, কুলটি-:

দিনের আলোয়, জনবহুল এলাকায় দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা!নাতনিকে স্কুলের গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে এক বৃদ্ধার গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতী।ঘটনার জেরে তীব্র আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে এলাকা জুড়ে।
গত ১২ই আগস্ট (বুধবার) সকাল আনুমানিক ১০ নাগাদ পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানা এলাকার বিরাজপল্লী (সন্যাসী থান) অঞ্চলে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, এলাকার বাসিন্দা মঞ্জু মিত্র (৭২) তাঁর নাতনি তোষানী মিত্রকে স্কুল ভ্যানে তুলে দেওয়ার জন্য জি.টি. রোড সংলগ্ন মোড়ের মাথায় যান। নাতনিকে স্কুল ভ্যানে তুলে দিয়ে গলির পথ ধরে একা হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি।ঠিক সেই সময় আচমকাই এক নীল শার্ট পরা দুষ্কৃতী তাঁর সামনে এসে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই এক ঝটকায় বৃদ্ধার গলা থেকে আনুমানিক ১০ গ্রাম ওজনের সোনার চেনটি ছিনিয়ে নেয় সে। বৃদ্ধা সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেও দুষ্কৃতীটি বিরলা সাইডের গলির দিকে দ্রুত চম্পট দেয়।ঘটনার পরপরই আতঙ্কিত বৃদ্ধা কুলটি থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমেছে পুলিশ।ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ সেই ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীকে শনাক্ত করার চেষ্টা করছে।
বৃদ্ধা মঞ্জু মিত্রের পরিবারের সদস্যদের প্রাথমিক দাবি, ছিনতাইকারী বাইরের কেউ নয়।জনবহুল এলাকায় বেলা দশটার মতো সময়ে এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন এলাকাবাসী। এখন দেখার, পুলিশ সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তকে কত দ্রুত জালে তুলতে পারে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি