শ্রমের ঘামে অধিকার খোঁজে কুলটি, ন্যায্য মজুরির দাবিতে সরব কংগ্রেস


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

      শিল্পের চাকা ঘোরে শ্রমিকের ঘামে, অথচ সেই শ্রমের ন্যায্য মূল্য না মিললে প্রশ্ন ওঠে শিল্পেরই ভিত নিয়ে। কুলটির সেল গ্রোথ ওয়ার্কসে কর্মরত চুক্তিভিত্তিক শ্রমিকদের ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষার দাবিতে এবার সরব হল কংগ্রেস। শ্রমিকদের পাশে দাঁড়িয়ে প্রাপ্য অধিকার নিশ্চিত করার দাবি তুললেন কংগ্রেস নেতা রাজেশ্বর শর্মা।

      তাঁর অভিযোগ, চুক্তিভিত্তিক শ্রমিকরা ন্যায্য ন্যূনতম মজুরি থেকে বঞ্চিত। মাসিক ২৬ হাজার টাকা মজুরি, PF, ESI, গ্র্যাচুইটি, মেডিক্যাল ক্লেম এবং প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার দাবি জানান তিনি।

      শুধু মজুরি নয়, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাজেশ্বর। পর্যাপ্ত সেফটি কিট ছাড়া শ্রমিকদের কাজ করানো হলে যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাঁর। শ্রমিকের জীবন নিয়ে কোনও আপস নয়— এই বার্তাই দেন তিনি।

      দু’দিনের আন্দোলনের পর কর্তৃপক্ষ সমস্যা সমাধানে উদ্যোগী হলে তাকে স্বাগত জানালেও, সাময়িক আশ্বাস দিয়ে দাবি চাপা দেওয়ার চেষ্টা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন রাজেশ্বর। আইএনটিইউসি-র নেতৃত্বে আন্দোলন আরও জোরদার করার প্রস্তুতির কথাও জানান তিনি।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়