লচ্ছীপুরের অন্ধকারে পুলিশের আলো, একে একে খুলছে ছিনতাইয়ের জট
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
লচ্ছীপুর দিশা রেড লাইট এলাকার অন্ধকার গলিতে পথ আটকে টাকা ছিনিয়ে নেওয়া এবং গাড়ির চাবি কেড়ে নেওয়ার অভিযোগে তদন্ত যত এগোচ্ছে, ততই যেন খুলে যাচ্ছে অপরাধের জট। নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের তৎপরতায় একে একে গ্রেপ্তার হচ্ছে অভিযুক্তরা। বাবর খান, রোশন খানের পর এবার পুলিশের জালে অভয় গুপ্তা ওরফে গোলু। বুধবার তাকে আসানসোল আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে বাবর খানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ হেফাজতে জেরার সূত্র ধরেই সামনে আসে রোশন খানের নাম। এরপর রোশনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতেই তদন্তের পরবর্তী অধ্যায়ে উঠে আসে গোলুর নাম।
অভিযোগ, লচ্ছীপুর দিশা এলাকায় চারজনের পথ আটকে নগদ ১০ হাজার টাকা এবং অনলাইনে আরও ২০ হাজার টাকা নেওয়া হয়। এরপর নিয়ামতপুর ফাঁড়ির দিকে যাওয়ার সময় তাঁদের পিছু ধাওয়া করে স্করপিওর চাবি কেড়ে নেওয়ার অভিযোগও ওঠে।
গোলুকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন করেছে। এই ঘটনার নেপথ্যে আরও কারা রয়েছে, কোনও বড় চক্রের যোগ আছে কি না- তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
একদিকে পরপর গ্রেপ্তার, অন্যদিকে রহস্যের নতুন দরজা- লচ্ছীপুরের এই ঘটনায় পুলিশের তদন্ত এখন কোন সত্যের মুখোমুখি দাঁড়ায়, সেদিকেই নজর।
Comments
Post a Comment