পিষে যাওয়া জীবনের আর্তনাদ: দেন্দুয়া মোড়ে রক্তে ভিজল পথ


চিত্তরঞ্জন প্রসাদ,  সালানপুর -:

     ​আসানসোল-চিত্তরঞ্জন রোডের অত্যন্ত ব্যস্ত দেন্দুয়া মোড়ে শনিবারের সকালটি মুহূর্তের মধ্যে বদলে গেল গা ছমছমে হাহাকারে। রাস্তা পার হচ্ছিলেন দেন্দুয়ারই সত্তোরোর্ধ্ব বৃদ্ধ করুণাময় দে। কিন্তু ঘাতক মালবাহী লরির বেপরোয়া চাকা চোখের পলকে কেড়ে নিল তাঁর স্বাভাবিক হাঁটার ছন্দ, পিষে দিল কোমর থেকে ডান পা পর্যন্ত এক বিশাল অংশ। রক্তাক্ত রাস্তায় পড়ে রইল এক অসহায় বৃদ্ধের গোঙানি আর এক জোড়া অসাড় পা।

     ​ঘটনাস্থলে পুলিশ ট্রাফিক সামলানোর দায়িত্বে থাকা সত্ত্বেও কীভাবে এই ভয়াবহ পরিণতি ঘটল, তা নিয়ে চারদিকে শুধু হাহাকার আর আক্ষেপের সুর। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়ার জন্য মেলেনি তৎক্ষণাৎ কোনো অ্যাম্বুলেন্স বা পুলিশি গাড়ি। শেষমেশ একটি ইসিএলের গাড়িতে করে তাঁকে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।

      তিন মাস ধরে ইসিএলের তুলে নেওয়া ‘নো এন্ট্রি’ ব্যবস্থা আর প্রতিদিনের অনিয়ন্ত্রিত যানজট আজ কেড়ে নিল একটি পরিবারের শান্তি। ক্ষুব্ধ গ্রামবাসী পথ অবরোধ তুলে নিলেও দেন্দুয়ার বাতাসে এখন ভাসছে করুণাময়বাবুর বাঁচার আকুল প্রার্থনা- তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার নিজের পায়ে বাড়ি ফিরতে পারেন।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি