ভাইরাল ভিডিও - বালিবাহী ট্রাক থেকে 'তোলা' আদায়ের অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
আসানসোল শিল্পাঞ্চলের জামুড়িয়ার মদনতোর এলাকায় বালিবাহী ট্রাক থেকে তোলা আদায়ের একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, "যখন ওভারলোড বালি চলছিল তখন ৫০০ টাকা নিতাম। এখন স্টকের বালি চলছে, ২০০ টাকা দিতে হবে। তা না হলে আমাদের ছেলেগুলো কী করবে? থানাতেও জানানো আছে।"
ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই এলাকাজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। ভিডিওতে থাকা ব্যক্তি কে, কার হয়ে বা কোন অধিকারে অর্থ আদায়ের দাবি করছেন, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে দ্রুত পদক্ষেপ করে পুলিশ। ভাইরাল ভিডিওতে দেখা যাওয়া রাকেশ মাজি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জামুড়িয়ার মদনতোর গ্রামের বাসিন্দা। সোমবার তাঁকে আসানসোল আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাইরাল ভিডিওর সত্যতা, বালিবাহী ট্রাক থেকে কথিত তোলা আদায়ের অভিযোগ এবং এই ঘটনায় অন্য কোনও ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে ভিডিওটির উৎস এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য তথ্যও যাচাই করছে তদন্তকারী আধিকারিকরা।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পুলিশের দাবি, অভিযোগের প্রতিটি দিক খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের অগ্রগতির ওপর নজর রয়েছে প্রশাসনের।
Comments
Post a Comment