দামের ঊর্ধ্বগামী স্রোতে প্রশাসনের বাঁধ, বাজারে আচমকা নজরদারি
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
সংসারের হাঁড়িতে মূল্যবৃদ্ধির আঁচ যাতে আরও তীব্র না হয়, সেই লক্ষ্যেই আসানসোলের বাজারে আচমকা হানা দিল জেলা প্রশাসন।
নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বাজারদর নিয়ন্ত্রণে রাখতে জেলা শাসক এস পন্নামবালমের নেতৃত্বে কৃষিবিপণন দপ্তর, উপভোক্তা বিষয়ক দপ্তর, এডিএম এবং পুলিশ প্রশাসনের আধিকারিকদের নিয়ে গঠিত দল সারপ্রাইজ মার্কেট ভিজিট করে।
বাজার পরিদর্শনের সময় চিনি, চাল, পেঁয়াজ সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বর্তমান দর খতিয়ে দেখা হয়। বেশ কিছু পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় পাইকারি ও খুচরো বাজারের দামের মধ্যে ফারাকও সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন আধিকারিকরা। কোনও মহল অযথা দাম বাড়িয়ে ক্রেতাদের পকেটে চাপ সৃষ্টি করছে কি না, তাও খতিয়ে দেখা হয়।
জেলা শাসক স্পষ্ট বার্তা দেন, বিনা কারণে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ানো চলবে না। বাজারে কোনও অনিয়ম বা ত্রুটি ধরা পড়লে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Comments
Post a Comment