রাখির আলোয় মুছল দূরত্ব: কিন্নর সমাজের হাতে জীবনের সুরক্ষাসূত্র পরলেন বিধায়ক
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
রেশমি সুতোর পবিত্র বন্ধন যে কোনো ভেদাভেদ মানে না, তা আরও একবার প্রমাণ করল আসানসোলের মাটি। রাখিবন্ধনের পুণ্যলগ্নে উৎসবের চেনা গণ্ডি পেরিয়ে এক অন্যন্য ইতিহাস গড়ল সামাজিক সম্প্রীতির এই শহর। উৎসবের আলোয় যখন চারপাশ মুখর, ঠিক তখনই আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জ্জীর কনিষ্ঠ হাত দুটিতে রাখি পরিয়ে দিলেন কিন্নর সমাজের মানুষেরা। দীর্ঘদিনের অবহেলা আর সামাজিক কোণঠাসা অবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে সেদিন কিন্নর ‘দিদি’দের চোখ ঝিলমিল করছিল একরাশ শ্রদ্ধায় আর ভালোবাসায়।
বিধায়কও সানন্দে সেই স্নেহের হাত থেকে রাখি গ্রহণ করে বুঝিয়ে দিলেন, স্নেহের কোনো লিঙ্গ বা পরিচয় হয় না। অনুষ্ঠানে আবেগঘন কন্ঠে তিনি বলেন, সমাজের মূলস্রোত থেকে দূরে থাকা এই মানুষগুলো আসলে আমাদেরই পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। তাঁদের নিরাপত্তা, অধিকার এবং বেঁচে থাকার মর্যাদা নিশ্চিত করার গুরুদায়িত্ব সমাজের প্রতিটি সচেতন মানুষের।
রেশমি সুতোর এই টান কেবল একটি উৎসবের আনুষ্ঠানিকতা ছিল না; এটি ছিল যুগ যুগ ধরে চলে আসা সামাজিক দূরত্ব ঘুচিয়ে এক নতুন মানবিক বন্ধন গড়ে তোলার নীরব অঙ্গীকার। আসানসোলের এই স্নিগ্ধ ছবি প্রমাণ করল—ভালোবাসার বাঁধনে যখন সব বুকফাটা অভিমান মুছে যায়, তখন মনুষ্যত্বই হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে সুন্দর ও সুরক্ষার ঠিকানা।
Comments
Post a Comment