নেশার অন্ধকার পেরিয়ে আলোর পথে—নিয়ামতপুরে পুলিশের সচেতনতার ডাক
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
নেশার কালো ছায়ায় যেন হারিয়ে না যায় তারুণ্যের স্বপ্ন—এই প্রত্যয়কে সামনে রেখে নিয়ামতপুর ফাঁড়ির উদ্যোগে অনুষ্ঠিত হল বিশেষ মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি। “নেশাকে না বলুন, ভবিষ্যৎকে হ্যাঁ বলুন”—এই বার্তায় তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ক্ষতি সম্পর্কে সচেতন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলটি এসিপি জাবেদ হুসেন, কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অসীম সিনহা মহাপাত্র এবং নিয়ামতপুর ফাঁড়ির ইনচার্জ উৎপল ঘোষাল। পাশাপাশি বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সমাজকর্মীরাও অংশ নেন।
বক্তারা জানান, মাদক শুধু একটি শরীরকে নয়, ধীরে ধীরে একটি পরিবার, একটি সমাজ এবং একটি প্রজন্মের ভবিষ্যৎকে গ্রাস করে। তাই আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি চাই সামাজিক প্রতিরোধ ও সম্মিলিত সচেতনতা।
পুলিশ, শিক্ষক, সমাজকর্মী ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসেই গড়ে উঠতে পারে নেশামুক্ত, সুস্থ ও নিরাপদ আগামী। কর্মসূচির বার্তা তাই স্পষ্ট—নেশার অন্ধকার নয়, তারুণ্য বেছে নিক জীবনের আলো।
Comments
Post a Comment