সাতসকালের সোনালি শিকল, পুলিশের হাতে ফিরল স্বস্তির আলো
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
সাতসকালের স্নিগ্ধতা নিমেষেই পরিণত হয় রক্তিম আতঙ্কে। গত ১২ আগস্ট কুলটির বিরাজপল্লীতে নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে ৭২ বছরের মঞ্জু মিত্রের বয়স জনিত নিঃসঙ্গতাকে পুঁজি করে ঘটে যায় এক নৃশংস ছিনতাই। নীল শার্ট পরা এক পিশাচ চোখের পলকে ওই বৃদ্ধার গলা থেকে টেনে ছিঁড়ে নেয় প্রায় দশ গ্রামের সোনার হার। জনবহুল এলাকায় দিনের আলোয় এই ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়ে গোটা এলাকা। অসহায় বৃদ্ধার চোখের সামনে তখন শুধু আতঙ্ক আর হাহাকার।
অভিযোগের পর সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে তদন্তে নামে কুলটি থানার পুলিশ। গত ২০ আগস্ট হিরাপুরের বাসিন্দা দয়াময় সিনহা ও বাবলু দাসকে গ্রেপ্তার করা হয়। আদালতের নির্দেশে চার দিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের পর দয়াময়ের বাড়ি থেকে উদ্ধার হয় ছিনতাই হওয়া সোনার হার।
Comments
Post a Comment