মাদক পাচার চক্রে পুলিশের বড় সাফল্য: সীমানায় ১ কোটির ব্রাউন সুগারসহ গ্রেফতার ২
চিত্তরঞ্জন প্রসাদ, সালানপুর:-
আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিরাট সাফল্য পেল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাংলা-ঝাড়খণ্ড সীমানা সংলগ্ন ধাঙুড়ি কাশিডাঙা এলাকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ১ কোটি টাকা মূল্যের উচ্চমানের ব্রাউন সুগার উদ্ধার করল সালানপুর থানার পুলিশ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং পাচারে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ মণ্ডল ও রূপনারায়ণপুর ফাঁড়ির আধিকারিক সুমঙ্গল সরকারের নেতৃত্বে বিশেষ একটি তদন্তকারী দল গঠন করা হয়।সকাল থেকেই বাংলা ও ঝাড়খণ্ডের সীমানা এলাকায় ওৎ পেতে ছিলেন তদন্তকারীরা। একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান ঝাড়খণ্ডের দিকে যাওয়ার সময় ধাঙুড়ি মোড়ে সেটিকে ঘিরে ফেলে আটক করে পুলিশ।
গাড়িতে তল্লাশি চালাতে গিয়ে উপরে সাজানো সিগারেটের কার্টনের নিচে লুকিয়ে রাখা প্রায় ৫০০ গ্রাম উচ্চমানের ব্রাউন সুগার উদ্ধার হয়। আন্তর্জাতিক কালোবাজারে যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলো ঝাড়খণ্ডের চিরকুন্ডা থানার বাসিন্দা অমিত পাসওয়ান এবং আসানসোলের হিরাপুর থানার আজাদনগরের বাসিন্দা নাজিমুদ্দিন খান।প্রাথমিক তদন্তে জানা গেছে, এই বিপুল পরিমাণ ব্রাউন সুগার মালদা থেকে ঝাড়খণ্ডে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।ধৃতদের আসানসোল আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।
Comments
Post a Comment