‘আয়ুষ্মান দিবস’-পালন আসানসোলে, স্বাস্থ্যসুরক্ষার ছাতায় নতুন আশার আলো
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
‘আয়ুষ্মান দিবস’-এর হাত ধরে পশ্চিম বর্ধমানে স্বাস্থ্যসুরক্ষার পথে খুলল নতুন দরজা। ১৬ আগস্ট, আসানসোলের রবীন্দ্র ভবনে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুরু হল আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ কর্মসূচি। কলকাতা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সূচনাপর্বের সরাসরি সম্প্রচারের সাক্ষী রইল রবীন্দ্র ভবনও।
অনুষ্ঠানে জেলার উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয় আয়ুষ্মান ভারত কার্ড। জেলাশাসক এস পোন্নাবলম জানান, প্রায় সাড়ে ১০ লক্ষ প্রি-ফিল্ড ফর্মের মধ্যে এখনও পর্যন্ত প্রায় ৭ লক্ষের ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে। প্রথম দিনেই প্রাথমিকভাবে প্রায় ৪৩ হাজার উপভোক্তার হাতে পৌঁছেছে কার্ড। বাকি যোগ্যদেরও পর্যায়ক্রমে কার্ড দেওয়া হবে।
গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে এই স্বাস্থ্যসুরক্ষার বার্তা পৌঁছে দিতে ব্লক প্রশাসন ও আশা কর্মীদেরও যুক্ত করা হয়েছে। জনকল্যাণ শিবির থেকে সংগৃহীত প্রায় দেড় লক্ষ ফর্মের মধ্যে আরও প্রায় ৪০ হাজার ফর্ম ডিজিটাইজেশনের জন্য প্রস্তুত রয়েছে।
সবচেয়ে আশাব্যঞ্জক বার্তা- আয়ুষ্মান ভারত কার্ডের আওতায় না এলেও কেউ স্বাস্থ্যসুরক্ষার বাইরে থাকবেন না। তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
Comments
Post a Comment