আসানসোল-দুর্গাপুর: অপরাধের অন্ধকারে ফরেনসিকের নতুন সোপান
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
ধূলিমলিন অপরাধের ধূসর প্রাঙ্গণে আজ ভোরের সুষমার মতো এসে মিলল এক আধুনিক প্রত্যয়। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের মাটিতে সূচিত হলো এক নতুন অধ্যায়, যেখানে অনুমানের কুয়াশা ভেদ করে অপরাধের গভীরে আলো ফেলবে বিজ্ঞান।
বৃহস্পতিবার কমিশনারেট প্রাঙ্গণে পুলিশ কমিশনার ড. প্রণব কুমারের হাতে যখন সবুজ পতাকায় ডানা মেলল বিশেষ ‘মোবাইল ফরেনসিক ভ্যান’, তখন তা কেবল একটি যান্ত্রিক সূচনা ছিল না; বরং তা ছিল অপরাধ দমনে এক সুদৃঢ় আশার অঙ্গীকার।
অদৃশ্য ও অতি সূক্ষ্ম প্রমাণ সংগ্রহের কঠিন যাত্রাকে এবার নিমেষে সহজ করবে চতুর্দশ বিশেষ কিটসমৃদ্ধ এই ভ্রাম্যমাণ গবেষণাগার। রক্তবিন্দুর ইশারা থেকে ডিএনএর অব্যর্থ ভাষা- ঘটনাস্থলেই সব নিখুঁতভাবে ধারণ করার ক্ষমতা রাখছে এই ভ্যান।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সঠিক প্রমাণ সংরক্ষণের এই যুগান্তকারী পদক্ষেপে অপরাধীদের পার পাওয়ার পথ আজ ক্রমেই সংকীর্ণ। প্রযুক্তির প্রখর আলোয় প্রতিটি তদন্ত হয়ে উঠবে আরও নির্ভুল, আরও গতিশীল।
Comments
Post a Comment