ঘরছাড়াদের ঘরে ফেরার সুর- সালানপুরে কংগ্রেসের সৃজন অভিযান


সংবাদদাতা, নিউজ হিন্দুস্থান -:

       সাংগঠনিক পুনর্জাগরণের সুরে সোমবার সরগরম হয়ে উঠল সালানপুর। সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশনায় দেশজুড়ে চলা ‘সংগঠন সৃজন অভিযান’-এর অঙ্গ হিসেবে একটি বেসরকারি সভাগৃহে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা। উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার এআইসিসি-নিযুক্ত পর্যবেক্ষক রাজেশ রাঠোর।

      সভায় রাঠোর জানান, তৃণমূল স্তর থেকে সংগঠনকে আরও শক্ত ভিতের উপর দাঁড় করানো এবং জেলা কংগ্রেস কমিটিকে নতুন করে সাজানোই এই অভিযানের মূল লক্ষ্য। নতুন জেলা সভাপতি নির্বাচনের পাশাপাশি মহিলা, সংখ্যালঘু, এসসি-এসটি ও ওবিসি শাখাতেও যোগ্য নেতৃত্বকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। তাঁর কথায়, এই প্রক্রিয়ার মধ্য দিয়েই জেলায় কংগ্রেসের নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।

    এদিন সভায় তৃণমূল কংগ্রেস ছেড়ে শতাধিক কর্মী-সমর্থকের কংগ্রেসে যোগদান রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য তৈরি করে। এই যোগদানকে রাঠোর আখ্যা দেন ‘ঘর ওয়াপসি’র। কল্যা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে আসা এই কর্মীদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেওয়া হয়।

      ব্লক সভাপতি অংশুমান মাহাতো জানান, এআইসিসির নির্দেশিকা মেনে ব্লক ও জেলা স্তরে সংগঠন মজবুত করার কাজ এগিয়ে চলেছে। সভা শেষে হিন্দুস্তান কেবলস এলাকার একটি বৃদ্ধাশ্রমে আবাসিকদের হাতে খাদ্যসামগ্রী ও খাবার তুলে দিয়ে সামাজিক দায়বদ্ধতার বার্তাও দেয় কংগ্রেস।

     সভায় উপস্থিত ছিলেন জেলা ও ব্লক স্তরের একাধিক নেতা-কর্মী। রাজনৈতিক সংগঠনের পুনর্গঠনের পাশাপাশি জনসংযোগের এই উদ্যোগে সালানপুরে যেন নতুন করে বাজল কংগ্রেসের প্রত্যাবর্তনের সুর।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি