পিতলের প্রদীপে জ্বলে সম্প্রীতির আলো
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
ধর্মের দেওয়াল পেরিয়ে শিল্পের হাত ধরে সম্প্রীতির এক অনন্য কাব্য লিখে চলেছে আসানসোলের জামুড়িয়ার দেশেরমোহন গ্রাম। ঘরে ঘরে এখানে কুটির শিল্পের কর্মযজ্ঞ। মুসলিম শিল্পীদের নিপুণ হাতে তৈরি হয় হিন্দু দেবদেবীর পূজার পিতল-কাঁসার থালা, বাটি, প্রদীপ, এমনকি শিবলিঙ্গও।
বংশপরম্পরায় চলে আসা এই শিল্প তাঁদের কাছে শুধু জীবিকা নয়, ভালোবাসার উত্তরাধিকার। উৎসব কিংবা মেলার মরশুম এলেই এখানকার কারিগরদের ব্যস্ততা বাড়ে। দেশেরমোহনের তৈরি সামগ্রী ছড়িয়ে পড়ে স্থানীয় বাজার ছাড়িয়ে রাজ্যের নানা প্রান্তেও।
এক শিল্পীর কথায়, ধর্মের ভেদাভেদ নয়, শিল্পই তাঁদের পরিচয়। পূজার সামগ্রী তৈরির সময় তাঁরা নিষ্ঠা ও পবিত্রতার সঙ্গে কাজ করেন। আর সেই শিল্প যখন অন্যের উপাসনার অংশ হয়ে ওঠে, তখনই যেন সম্প্রীতির সেতু আরও মজবুত হয়।
কুটির শিল্পের টিকে থাকার সংগ্রামের মাঝেও দেশেরমোহন তাই মনে করিয়ে দেয়- ধর্ম আলাদা হতে পারে, কিন্তু মানুষের হৃদয়ের ভাষা এক। পিতলের প্রদীপে জ্বলে ওঠে সেই একতারই আলো।
Comments
Post a Comment