জঙ্গলে নেহরু, রাজনীতির ময়দানে ঝড়- দুর্গাপুরে মূর্তি ঘিরে তপ্ত রবিবার


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -: 

        দুর্গাপুরের হর্ষবর্ধন এলাকায় রবিবার যেন ইতিহাসের বুকেই নেমে এল বিতর্কের কালো ছায়া। দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর মূর্তি ক্রেনের সাহায্যে সরিয়ে পাশের জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। মূর্তি হারানোর ঘটনায় যেমন ছড়িয়েছে ক্ষোভ, তেমনই রাজনৈতিক তরজায় আরও ঘন হয়েছে উত্তাপ।

      কংগ্রেসের দাবি, হর্ষবর্ধন প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি মেডিটেশন সেন্টারের সামনে কয়েক দশক আগে ডিএসপি কর্তৃপক্ষ নেহরুর মূর্তিটি স্থাপন করেছিল। অভিযোগ, রাখিবন্ধন অনুষ্ঠানের জন্য জায়গা প্রয়োজন হওয়ায় ক্রেন এনে মূর্তিটি সরিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে ফেলে দেওয়া হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

      ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নামে কংগ্রেস। দলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, দেশের প্রথম প্রধানমন্ত্রীর মূর্তির প্রতি এমন আচরণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না। ২৪ ঘণ্টার মধ্যে মূর্তিটিকে তার নির্দিষ্ট স্থানে ফিরিয়ে আনার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন।

       তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা কংগ্রেসকেই কাঠগড়ায় তুলেছেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কংগ্রেসেরই একাংশ মূর্তি সরানোর ঘটনায় যুক্ত।

     একটি মূর্তি যেন এখন হয়ে উঠেছে রাজনৈতিক তরবারি। কে সরাল, কেন সরাল- সেই উত্তরেই লুকিয়ে রয়েছে আসল সত্য। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

জামগ্রাম অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়