স্বাধীনতা দিবস- প্যারেড থেকে ইসিএল কর্মীর রহস্যজনক নিখোঁজে চাঞ্চল্য


রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:

      ​স্বাধীনতা দিবসের সকালে দেশের উদযাপনে সামিল হতে বাড়ি থেকে বেরিয়েছিলেন ইসিএলের নিরাপত্তাকর্মী রাহুল ভট্টাচার্য। সাঁকতোড়িয়া গ্রাউন্ডে প্যারেডেও অংশ নেন তিনি। কিন্তু অনুষ্ঠান শেষে বাড়ি ফেরেননি বছর চৌত্রিশের এই যুবক। ১৫ আগস্ট থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় এবং পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ না হওয়ায় তৈরি হয়েছে গভীর রহস্য।

     ​পুলিশ সূত্রে জানা যায়, জামুড়িয়ার পোন্নিহাটি ওয়ার্কশপের বাসিন্দা রাহুলের নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁর স্ত্রী রাধারানি ভট্টাচার্য কুলটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে গত ১৬ আগস্ট জিডি নম্বর ৮৮৪ নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ।
​প্যারেডের মাঠে তাঁর উপস্থিতি নিশ্চিত হলেও সেখান থেকে বেরোনোর পর তিনি কোন পথে গেলেন বা কারো সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছিল কি না, তার কোনো উত্তর এখনও মেলেনি। 

     স্বাধীনতা দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ দিনে সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে একজন নিরাপত্তা কর্মীর এহেন আকস্মিক অন্তর্ধান পরিবারে চরম উৎকণ্ঠা তৈরি করেছে। রাহুলের গতিবিধি ও কল রেকর্ড খতিয়ে দেখে তাঁর সন্ধান চালাচ্ছে পুলিশ।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি