এক দশকের অপেক্ষা শেষে ট্রমা কেয়ারে প্রাণের নতুন আশ্বাস


অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
 
    দীর্ঘ প্রতীক্ষার অবসান। এক দশকেরও বেশি সময় ধরে যে দরজা খোলার অপেক্ষায় ছিল আসানসোল, সোমবার অবশেষে সেই দরজায় জ্বলে উঠল চিকিৎসার নতুন আলো। নানা বাধা-বিপত্তি পেরিয়ে চালু হল আসানসোল জেলা হাসপাতালের লেভেল-২ ট্রমা কেয়ার ইউনিট। আর প্রথম দিনেই সাতটি অস্ত্রোপচার- যেন দীর্ঘ নীরবতার পর সেবার স্পন্দন ফিরে পাওয়ার ঘোষণা।

        হাসপাতালের এমার্জেন্সি বিভাগের উপর তৈরি এই ইউনিটে প্রথম দিন সাতজন রোগীর অস্ত্রোপচার করেন অর্থোপেডিক সার্জন ডাঃ নির্ঝর মাজি ও ডাঃ শিবশঙ্কর সোরেন। তাঁদের সঙ্গে ছিলেন অ্যানেস্থেটিস্ট ডাঃ শ্রীকান্ত গাঙ্গুলী ও ডাঃ প্রণব কুমার। নার্স ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় সম্পন্ন হয় অস্ত্রোপচারগুলি।

       কিন্তু এই সাফল্যের পথটি ছিল দীর্ঘ ও কণ্টকাকীর্ণ। ২০১৪ সালে ট্রমা কেয়ার ইউনিট তৈরির পরিকল্পনা হয়েছিল। প্রথমে ‘লেভেল-৩’, পরে তা ‘লেভেল-২’ করা হয়। ভবন তৈরি হলেও, একসময় অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সরঞ্জাম চলে যায় সিঙ্গুরে। থমকে যায় স্বপ্নও।

     অবশেষে নতুন উদ্যোগে সেই থমকে থাকা স্বপ্নে প্রাণ ফিরল। আপাতত ১৫ শয্যার এই ইউনিটে সপ্তাহে তিনদিন অস্ত্রোপচার হবে। ভবিষ্যতে শয্যা বাড়বে ২১-এ। তবে নিউরো-সার্জনের অভাব এখনও বড় চ্যালেঞ্জ।

     দশ বছরের অপেক্ষা পেরিয়ে আজ তাই আসানসোলে শুধু একটি ইউনিট চালু হয়নি- জেগে উঠেছে অসংখ্য বিপন্ন মানুষের বাঁচার প্রত্যাশা।

Comments

Popular posts from this blog

পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়

সৌভ্রাতৃত্ব ও সম্প্রতির বন্ধনে পালিত হলো লাচ্ছা সেমাই উৎসব

বিশ্ব যোগ দিবসে বৃক্ষরোপণ ও গো-সেবা কর্মসূচি