লক্ষ টাকায় শৈশবের কেনাবেচা, তদন্তে ফাঁস অন্ধকারের জাল
অঙ্কিতা চ্যাটার্জ্জী, নিউজ হিন্দুস্থান -:
দুধের গন্ধ মুছে যাওয়ার আগেই যেন শৈশবের কপালে লিখে দেওয়া হয়েছিল এক অন্ধকার গল্প। মাত্র ২ মাস ১৩ দিনের এক শিশুকে ঘিরে ই-মেইল অভিযোগের ভিত্তিতে শুরু হওয়া তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। উত্তর ধাদকা, আসানসোলের বাসিন্দা বিনোদ কুমার গুপ্তা (৪৭) ও ববিতা গুপ্তা (৩৭)-র হেফাজত থেকে উদ্ধার হয় শিশুপুত্রটি। প্রথমে তাকে নিজেদের জৈবিক সন্তান বলে দাবি করলেও জিজ্ঞাসাবাদে বদলে যায় সেই গল্প।
তদন্তে অভিযোগ, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বীরভূমের সিউড়ির একটি বেসরকারি নার্সিং হোম থেকে এক লক্ষ টাকার বিনিময়ে শিশুটিকে সংগ্রহ করা হয়েছিল। নির্ধারিত দত্তক প্রক্রিয়া এড়িয়ে শিশুটিকে ওই দম্পতির জৈবিক সন্তান হিসেবে দেখিয়ে নথি তৈরি বা ব্যবহারের অভিযোগও সামনে এসেছে।
ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা ও কিশোর ন্যায় আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। শিশুটিকে নিরাপদ হেফাজতের জন্য পশ্চিম বর্ধমানের CWC চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
শিশুটির প্রকৃত পরিচয়, জৈবিক পিতৃপরিচয়, জন্মশংসাপত্র ও আর্থিক লেনদেনের রহস্য খতিয়ে দেখছে পুলিশ।
এখনও পর্যন্ত দম্পতি ও মধ্যস্থতাকারী অশোক ভাউলকা সহ তিনজন গ্রেপ্তার। তদন্তের আলোয় এবার উন্মোচিত হওয়ার অপেক্ষায় অন্ধকারের বাকি মুখগুলি।
Comments
Post a Comment